বিরোধ মানুষের, প্রাণ গেল ফলবতী ৩৭টি গাছের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জের চিকলী নদীর তীরের একটি বাগানের ৩৭টি আম ও লিচুগাছ গত শুক্রবার রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে। জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে গাছগুলো কাটা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ জন্য উভয় পক্ষের লোকজন পরস্পরকে দায়ী করছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বদরগঞ্জ মৌজার ১৪ দশমিক ৬৯ একর জমি নিয়ে পৌরসভার থানাপাড়া গ্রামের শ্যামল গোস্বামী, স্বাধীন গোস্বামী ও প্রলয় গোস্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের কৃষ্ণ কুমারের বিরোধ চলছে। ওই জমির মধ্যে তিন একরে প্রায় চার বছর আগে আম ও লিচুর বাগান করা হয়। গত শুক্রবার কৃষ্ণ কুমার তাঁর লোকজন নিয়ে ওই বাগানসহ পুরো জমি দখল করে নেয়। এরপর ওই রাতেই নির্দয়ভাবে গাছগুলো কেটে ফেলা হয় এবং বেশ কয়েকটি গাছের ডালপালা কেটে ফেলা হয়। গাছগুলোতে আম ও লিচু ধরে ছিল। এ ব্যাপারে কৃষ্ণ কুমার বলেন, ‘ওই জমির মালিকানাবিষয়ক প্রয়োজনীয় দলিল ও রেকর্ডপত্র রয়েছে। জমি দখলের সংবাদ পেয়ে বিরোধী পক্ষের শ্যামল গোস্বামী ও তাঁর ভাইয়েরা আমাকে বিপদে ফেলতে বাগানের গাছ কেটে নষ্ট করেছে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছি।’শ্যামল গোস্বামী অভিযোগ করে বলেন, ‘ওই জমির কাগজপত্র-মূলে আমরা তিন ভাই আবাদ করে আসছি। এর মধ্যে তিন একরে আম ও লিচুর বাগান করা হয়েছে। গত শুক্রবার বিরোধী পক্ষের কৃষ্ণ কুমার দলবল নিয়ে জমিগুলো দখলের পর রাতেই বাগানের গাছগুলো কেটে নষ্ট করে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে ওসি তা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার বলেন, ‘দুপক্ষই থানায় অভিযোগ নিয়ে এসেছিল। উভয় পক্ষকে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছি।’