বিরোধ মানুষের, প্রাণ গেল কোয়েল পাখির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের আদর্শপাড়া এলাকায় ‘কোয়েল বিশ্ব’ নামের একটি কোয়েল পাখির খামারের ৪০০ পাখি মেরে ফেলা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন পাখিগুলোকে মেরে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আদর্শপাড়া এলাকায় খলিলুর রহমান নামের এক ব্যক্তির জমির পাশে স্থানীয় তরুণ মাহিন ইসলাম তিন মাস আগে ‘কোয়েল বিশ্ব’ নামে একটি পাখির খামার গড়ে তোলেন। খলিলুর রহমানের আত্মীয় মাসুদুর রহমান মাহিনকে ওই জমিটি দেন। মাহিন গত বছর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক (সমঞ্চান) পাস করেন। বেকারত্ব ঘোচাতে মাহিন তাঁর তিন বন্ধুকে নিয়ে ওই জমির প্রায় এক কাঠা অংশে ১২০০ কোয়েল পাখি দিয়ে খামার গড়ে তোলেন।
প্রতিদিন কোয়েল পাখি ও ডিম শহরের বাজারে এবং স্থানীয় মানুষের কাছে বিক্রি করে আয় করতে থাকেন মাহিন। কয়েক সপ্তাহ আগে মাসুদুর রহমান খামারটি বন্ধ করে দিতে বলেন। ৩০ জানুয়ারির মধ্যে খামারটি বন্ধ না করলে তা উচ্ছেদ করা হবে বলে হুমকি দেন তিনি।
গতকাল ভোরে মাহিন ঘুম থেকে উঠে দেখতে পান, খামারের বাঁশের চাটাইয়ের বেড়া কাটা এবং ভেতরে পাখিগুলো মরে পড়ে রয়েছে। মাহিন জানান, পাখিগুলো প্রতিদিন ডিম দিচ্ছিল। এতে তাঁর প্রায় ৭০-৮০ হাজার টাকা ক্ষতি হয়েছে। মাহিন অভিযোগ করেন, উচ্ছেদ করার জন্যই শত্রুতা করে পাখিগুলো মারা হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হয়েছে। ক্ষতিপূরণ না পেলে আইনগত ব্যবস্থা নেবেন বলে মাহিন জানান।
প্রতিবেশী নাসির শেখ বলেন, মাহিন ছেলেটি বেশ ভালোভাবে কোয়েল পাখির খামারটা গড়েছিল। তার কাছ থেকে পাখি কেনা হতো। শত্রুতা করে পাখি মারা বড়ই দুঃখজনক ঘটনা।
এ ব্যাপারে মাসুদুর রহমান বলেন, খামার থেকে দুর্গন্ধ ছড়ানোয় এক প্রতিবেশী তাঁর কাছে অভিযোগ করেন। এ কারণে খামার সরানোর জন্য বলা হয়েছিল। পাখি মারার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘মাহিন নিজেই পাখি মেরে আমার ওপর দোষ চাপাচ্ছেন। যাতে তাঁকে আর খামারটি না সরাতে হয়।’