বিরোধ মীমাংসার কথা বলে যুবককে পুলিশে দিলেন ইউএনও!
বাগেরহাটের চিতলমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোধ মীমাংসার কথা বলে অতীশ অধিকারী (৩০) নামের এক যুবককে গত বৃহস্পতিবার ডেকে নিয়ে পুলিশে সোপর্দ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে অতীশকে গতকাল শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, উপজেলার সন্তোষপুর ইউনিয়নের সাড়ে চার আনি গ্রামের অমূল্য মৈত্র গত বৃহস্পতিবার রাতে অতীশ ও তাঁর এক সহযোগীর বিরুদ্ধে তাঁর (অমূল্য) মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অতীশকে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।অতীশ গতকাল আদালতে এ প্রতিবেদককে জানান, ইউএনও মুহাম্মাদ সোহেল হাসান ক্ষমতাসীন দলের স্থানীয় কতিপয় নেতার দ্বারা প্রভাবিত হয়ে তাঁকে ডেকে নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন।অতীশ বলেন, ‘আমি প্রতিবেশী অমূল্য মৈত্রের মেয়েকে বিয়ে করার জন্য প্রায় আড়াই বছর আগে প্রস্তাব দিয়েছিলাম। তখন অমূল্য সেই প্রস্তাব ফিরিয়ে দেন। পরে অমূল্য আমার খালু মহেন মৈত্রের সঙ্গে জমিসংক্রান্ত একটি বিরোধ মীমাংসা করে দিতে পারলে শিউলিকে আমার সঙ্গে বিয়ে দিবেন বলে জানান। সে অনুযায়ী ওই বিরোধ নিষ্পত্তি করে দিই। এ সময় অমূল্য কয়েক দফায় আমার কাছ থেকে এক লাখ কুড়ি হাজার টাকা ধার নেন, কিন্তু পরে মেয়ের সঙ্গে বিয়ে না দেওয়ায় তাঁর সঙ্গে আমার সম্পর্কের অবনতি হয়।’অতীশ জানান, টাকা ফিরে পেতে ২০১০ সালে তিনি আদালতে মামলা করেন। এরপর অমূল্য আবারও তাঁর সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মামলাটি সমঝোতা করে নেন। কুড়ি হাজার টাকা ফেরতও দেন। মামলা প্রত্যাহারের পর অমূল্য তাঁকে ভয়ভীতি ও হুমকি দিতে থাকলে তিনি চলতি বছর আদালতে আবার মামলা করেন। এ অবস্থায় অমূল্য স্থানীয় আওয়ামী লীগদলীয় কতিপয় নেতার যোগসাজশে ইউএনওকে দিয়ে মীমাংসার কথা বলে তাঁকে ডেকে নেন এবং পুলিশের কাছে হস্তান্তর করে মিথ্যা মামলায় কারাগারে পাঠান।জানতে চাইলে ইউএনও সোহেল হাসান জানান, মেয়েটির বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে অতীশকে গত বৃহস্পতিবার তিনি তাঁর কার্যালয়ে ডাকেন; কিন্তু ঘটনাটি ফৌজদারি অপরাধমূলক হওয়ায় তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।অমূল্য মৈত্র গতকাল মুঠোফোনে বলেন, অতীশ তাঁর মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু বিয়ে দিতে সম্মত না হওয়ায় প্রায় আড়াই বছর ধরে অতীশ তাঁর মেয়েকে উত্ত্যক্ত করছেন। অতীশের কাছ থেকে টাকা ধার নেওয়ার কথা তিনি অস্বীকার করেন।