বিরোধ মীমাংসার কেন্দ্র হিসেবে কাজ করছে লিগ্যাল এইড অফিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. হেলাল চৌধুরী বলেছেন, লিগ্যাল এইড অফিস (আইনগত সহায়তা কার্যালয়) শুধু মামলা-মোকদ্দমার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আইনি সহায়তার পাশাপাশি বিরোধ মীমাংসার কেন্দ্র হিসেবেও কাজ করছে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম আদালত ভবনে জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে ‘জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মো. হেলাল চৌধুরী চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যানও। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপসও হয়’। গতকাল সারা দেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে।
জেলা ও দায়রা জজ মো. হেলাল চৌধুরী বলেন, তৃণমূল পর্যায়ে সরকারি আইন সহায়তাসেবা পৌঁছে দেওয়ার জন্য জেলা লিগ্যাল এইড কমিটি গঠন হয়েছে। এর পাশাপাশি উপজেলা পর্যায়ে উপজেলা লিগ্যাল এইড কমিটি, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও চৌকি আদালত বিশেষ কমিটি গঠন হয়েছে। এডিআর (এডিআর-অলটারনেটিভ ডিসপিউট রেজল্যুশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি) পদ্ধতির সফল প্রয়োগের মাধ্যমে দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে আইনগত সহায়তা প্রদান (আইনি পরামর্শ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি) বিধিমালা, ২০১৫ প্রণয়ন করা হয়। সিনিয়র সহকারী জজ পদমর্যাদার একজন বিচারক জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করছেন। যিনি মানুষকে বিনা মূল্যে আইনি পরামর্শ প্রদান করছেন, বিরোধযোগ্য মামলাগুলো নিষ্পত্তি করছেন।
চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) বেগম ফারহানা ইয়াসমিন বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে একদিকে যেমন আদালতের মামলাজট হ্রাস পাচ্ছে, অন্যদিকে অসহায়-নির্যাতিত বিচারপ্রার্থী নারী-পুরুষেরা স্বল্প সময়ে বিনা খরচে আইনি সহায়তা পাচ্ছে।
দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক আশরাফুন নাহারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম-১-এর বিচারক রোকসানা পারভীন, চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল বিচারক সৈয়দা হোসনে আরা, চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম মুন্সি মো. মশিয়ার রহমান, চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম এ কিউ এম নাছির উদ্দীন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায়, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ, জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী, জেলা সরকারি কৌঁসুলি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।
সভা শেষে খন্দকার মো. এমদাদুর রহমান ও মুরশীদা বেগমকে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভার আগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শোভাযাত্রা বের হয়। এটি চট্টগ্রাম আদালত ভবন থেকে শুরু হয়ে লালদীঘি মাঠ, কোতোয়ালি মোড় ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।