বিরোধ মেটাতে গিয়ে হামলায় আহত ইউপি সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে এক পক্ষের হামলায় আহত বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মান্নান (৪০) গত শুক্রবার মারা গেছেন। তাঁর বাড়ি বিহার পশ্চিমপাড়া গ্রামে।মান্নানের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী লাইলী বেগম গতকাল শনিবার ১৪ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য হামলা ও গ্রেপ্তার আতঙ্কে অনেকেই এলাকা ছেড়েছেন। স্থানীয় ও নিহতের সূত্র জানায়, জমিতে হালচাষ করা নিয়ে ট্রাক্টরচালক আফসার আলী ও জুলহাস উদ্দিনের মধ্যে ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে গত ২ জুলাই বিহার পশ্চিমপাড়া গ্রামে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মান্নান ওই দিনই বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু এতে সন্তুষ্ট হতে পারেননি আফসার আলীর পক্ষের লোকজন। ৩ জুলাই তাঁর পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মান্নানের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় মান্নানকে রক্ষা করতে তাঁর ছোট ভাই হারুনার রশিদসহ আরও কয়েকজন এগিয়ে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এলাকাবাসী সূত্র জানায়, এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে দুই পক্ষের সাতজন আহত হন। আহত ব্যক্তিদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা মান্নানকে ঢাকায় এবং হারুনার রশিদসহ দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বাকিদের সেখানে চিকিৎসা দেওয়া হয়। গত শুক্রবার আবদুল মান্নান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। গতকাল তাঁকে দাফন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক সামছুল হক বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।