বিরোধ মেটালেন মোশাররফ-গিয়াস
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে এবারের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন নেতা-কর্মীসহ মিরসরাইবাসী। কারণ কয়েক দিন ধরে আলোচনা চলছিল বর্তমান সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেনকে চ্যালেঞ্জ করে উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন নির্বাচনে অংশ নেবেন। তিনি দলীয় মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন।
২ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়াস উদ্দিনসহ জেলা ও উপজেলা নেতাদের উপস্থিতিতে মোশাররফ হোসেন একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় সেই দিধাদ্বন্দ্বের অবসান ঘটেছে। এর আগে গিয়াস উদ্দিনকে উত্তর জেলা কমিটির কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মনোনীত করার ব্যাপারে দুই নেতার মধ্যে সমঝোতা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, গত ২৭ নভেম্বর নগরের একটি হোটেলে মোশাররফ হোসেনের সঙ্গে উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সমঝোতা বৈঠক হয়। বৈঠকে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম, সহসভাপতি জিতেন্দ্র প্রসাদ নাথ ও উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা উপস্থিত ছিলেন। এতে গিয়াস উদ্দিনকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ১ ডিসেম্বর রাতে উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহিউদ্দিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে গিয়াস উদ্দিনকে উত্তর জেলা কমিটির কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মনোনীত করা হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, মিরসরাই আওয়ামী লীগে দীর্ঘদিন ধরে সাংসদ মোশাররফ হোসেন ও উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের মধ্যে নানা বিষয়ে দ্বন্দ্ব চলছিল। বিভিন্ন সময় আলাদাভাবে কর্মসূচি পালন এবং পরস্পরবিরোধী বক্তব্য-বিবৃতির মধ্য দিয়ে তার প্রকাশ ঘটে। সেই দ্বন্দ্বের জের ধরে আগামী সংসদ নির্বাচনে মোশাররফের পাশাপাশি গিয়াস উদ্দিনও অংশ নেওয়ার প্রস্তুতি নিতে থাকেন এবং দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি মোশাররফকে ভাবিয়ে তোলে। যদিও দল থেকে মোশাররফকেই মনোনয়ন দেওয়া হয়।
জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন মোশাররফ হোসেনের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের মধ্যে সমঝোতা হয়েছে।’
সাংসদ মোশাররফ হোসেন বলেন, ‘তার সঙ্গে আমার বৈঠক হয়েছে। এরপর তার রাগ-ক্ষোভ সব চলে গেছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাকে উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি করা হয়েছে।’