অভ্যন্তরীণ কোন্দলের কারণে ফেনী জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলন আবারও স্থগিত করা হয়েছে।
৫ সেপ্টেম্বর জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলন শহরের একটি গণমিলনায়তনে হওয়ার কথা ছিল। কিন্তু সভার আগের রাতে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর সভা স্থগিত করা হয়। ওই অগ্নিকাণ্ডের জন্য দলের অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করছেন অনেক নেতা-কর্মী।
দলীয় সূত্র জানায়, ফেনীর প্রতিনিধি সম্মেলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী ১৫ সেপ্টেম্বর প্রতিনিধি সম্মেলন করার জন্য তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রস্তুতি নিতে বলেন। এরপর সম্মেলনের স্থান নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে আবারও বিরোধ দেখা দেয়।
জানা যায়, সাংসদ মোশাররফ হোসেন ও জয়নাল আবদীন (ভিপি জয়নাল)-সমর্থিত অংশ শহরের ট্রাংক রোডে জেলা প্রশাসনের কার্যালয়ের পাশের একটি গণমিলনায়তনে প্রতিনিধি সভার স্থান নির্ধারণ করে। অন্যদিকে সাংসদ রেহানা আক্তার রানু-সমর্থিত জেলা বিএনপি শহীদুল্লা কায়সার সড়কের একটি গণমিলনায়তনে সভার স্থান নির্ধারণ করে।
দলের একজন নেতা জানান, এই পরিস্থিতিতে আমীর খসরু মাহমুদ চৌধুরী গত মঙ্গলবার উভয় পক্ষকে নিয়ে ঢাকায় সমঝোতা বৈঠকে বসেন। কিন্তু কোনো সমঝোতা না হওয়ায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে ১৫ সেপ্টেম্বরের সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়। ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের আবারও সভা স্থগিত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধান সমন্বয়কারী তিন সাংসদসহ নেতাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
প্রসঙ্গত, গত সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনেই বিএনপি জয়লাভ করে। এর মধ্যে ফেনী-১ আসনে খালেদা জিয়া এবং ২ ও ৩ আসনে যথাক্রমে জয়নাল আবদীন ও মোশাররফ হোসেন নির্বাচিত হন। এরপর ২০০৯ সালে ফেনী জেলা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দুটি ধারার সৃষ্টি হয়। খালেদা জিয়ার ছোট ভাই সাইদ এস্কান্দারকে সভাপতি করে যে কমিটি গঠিত হয়, তাতে দুই সাংসদ মোশাররফ হোসেন ও জয়নাল আবদীন বা তাঁদের অনুসারীরা ঠাঁই পাননি। সাইদ এস্কান্দারের মৃত্যুর পর মোশাররফ ও জয়নাল আবদীনের অনুসারীরা সক্রিয় হয়ে ওঠেন। আর সাইদ এস্কান্দারের অনুসারীদের নেতৃত্বে আসেন রেহেনা আক্তার রানু।