বই প্রকাশনা অনুষ্ঠানে মুহাম্মদ হাবিবুর রহমান
বিরোধ সৃষ্টি নয়, সমঝোতার মাধ্যমে সমাধান করতে হবে
দেশে বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে বিরোধ সৃষ্টি না করে সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।গতকাল সোমবার রাজধানীর জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাবিবুর রহমান এই আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের ভেতর যেসব জনগোষ্ঠী আছে, তাদের মধ্যে নতুন করে সংবিবাদ, বিরোধ সৃষ্টি না করে তাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে।’বাংলাদেশে আদিবাসী-সম্পর্কিত দেশি ও আন্তর্জাতিক আইনের সংকলন কম্পেনডিয়াম অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ল’জ অ্যান্ড ইন্ডিজেনাস পিপলস ইন বাংলাদেশ নামের এ বইটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ অন্য অতিথিরা। অনুষ্ঠানের আয়োজক ছিল আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম জিবি ও কাপেং ফাউন্ডেশন। অক্সফামের আর্থিক সহায়তায় বইটি প্রকাশ করে শ্রাবণ প্রকাশনী।মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘আমাদের দেশে আইনের চর্চা নানামাত্রিকভাবে বাধাগ্রস্ত। বলতে গেলে রাহুগ্রস্ত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আদিবাসীদের ব্যক্তিগত মালিকানা সীমিত। তাদের সমাজে গোষ্ঠীগত মালিকানাকে বড় করে দেখা হয় এবং এটাকে আইনে আনা খুব কঠিন নয়। তবে আমরা এ নিয়ে কোনো সমাধানে পৌঁছাতে পারছি না।’আদিবাসীদের উদ্দেশে সাবেক প্রধান উপদেষ্টা বলেন, হতাশ কিংবা ক্ষুব্ধ হওয়ার দরকার নেই। সারা পৃথিবীতে আদিবাসীদের সমস্যা চলছে। সমস্যার সমাধানে তারা সমবেত হওয়ারও চেষ্টা করছে।অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহা বলেন, ‘বিভিন্ন দেশে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। আশা করি, বাংলাদেশ সরকারও দেবে, যেহেতু বর্তমানে সংবিধান সংশোধনের একটি প্রক্রিয়া চলছে।’ তিনি আরও বলেন, ধর্মান্তরিত আদিবাসীদের ক্ষেত্রে আইনের প্রয়োগ কীভাবে হবে, সে বিষয়টি স্পষ্ট নয়। এ বিষয়ে চিন্তা করতে হবে।বইটির তিন সংকলকের একজন চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, পার্বত্য চুক্তির ফলে যেসব আইন তৈরি হয়েছে, তার কোনো কোনোটি নিয়ে হাইকোর্টে প্রশ্ন উঠেছে। তাই আইনি সংঘর্ষ এড়াতে এই আইনগুলোকে সংবিধানে উল্লেখ করতে হবে। তিনি আরও বলেন, ২০১০ সালে একটি আইনের মাধ্যমে আদিবাসী নামটি ডাস্টবিনে ফেলা হয়েছিল। তিনি আদিবাসীদের কাছে গ্রহণযোগ্য শব্দের মাধ্যমে তাদের অভিহিত করার দাবি জানান।অনুষ্ঠানে ৬৮২ পৃষ্ঠার বইটির সারাংশ তুলে ধরেন অন্য দুজন সংকলক সহকারী অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা ও আইনজীবী শিরিন লিরা।কাপেং ফাউন্ডেশনের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের মানবাধিকার ও আইন শিক্ষা কমিটির সভাপতি জেড আই খান পান্না, অক্সফাম জিবির কর্মসূচি কর্মকর্তা সৈকত বিশ্বাস প্রমুখ।