বিরোধপূর্ণ জমি থেকে বালু উত্তোলন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা দক্ষিণকান্দা গ্রামে বিরোধপূর্ণ একটি জমি খনন করে এক পুলিশ কর্মকর্তার পরিবারের লোকজন বালু তুলছেন। মাটি তোলার ছবি তুলতে গিয়ে গত মঙ্গলবার হয়রানির শিকার হয়েছেন প্রথম আলোর আলোকচিত্রী আলীমুজ্জামান। এ ব্যাপারে গতকাল বুধবার আলীমুজ্জামান ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে ৮৫ শতাংশ কৃষিজমির মালিকানা নিয়ে মো. বুলু বেপারী ও ঢাকায় গোয়েন্দা বিভাগে (ডিবি) কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সিরাজুল ইসলামের বিরোধ চলে আসছে। এ নিয়ে ফরিদপুর জজ আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে।বুলু বেপারী অভিযোগ করেন, গত ৮ ডিসেম্বর থেকে সিরাজুল ইসলামের লোকজন খননযন্ত্র দিয়ে ওই জমি থেকে মাটি কাটা শুরু করেন। ৯ ডিসেম্বর তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই জমিতে স্থিতাবস্থা জারি করেন। আদালতের আদেশ পেয়ে গত ১০ ডিসেম্বর ভাঙ্গা থানা পুলিশ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ জারি করেন। কিন্তু সিরাজুল ইসলামের লোকজন ওই জমিতে খাদ কেটে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন অব্যাহত রাখেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথম আলোর ফরিদপুরের আলোকচিত্রী আলীমুজ্জামান বালু তোলার ছবি তুলতে গেলে সিরাজুল ইসলামের লোকজন তাঁকে বাধা দেন। এ সময় এক ব্যক্তি ‘ধর শালাকে, বেঁধে রাখ, আমি ভাইকে ডেকে আনি’ হুকুম দিলে বালু তোলার কাজে নিয়োজিত আট-নয়জন ব্যক্তি এগিয়ে এসে আলীমুজ্জামানকে একটি খুপরি ঘরে নিয়ে যান। এরপর তাঁরা আলীমুজ্জামানকে শিকল দিয়ে বেঁধে ফেলার উদ্যোগ নেন এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে আলীমুজ্জামান ওই জমির মালিক সিরাজুল ইসলামের ভাই মাসুদুল ইসলামের সঙ্গে কথা বলবেন বলে হামলাকারীদের বুঝিয়ে দ্রুত কৌশলে সেখান থেকে চলে আসেন।মাসুদুল ইসলাম বলেন, ‘ওই জমির মালিক আমার ভাই সিনিয়র এএসপি সিরাজুল ইসলাম। আমি তাঁর হয়ে জমিটি দেখাশোনা করি।’ আদালত স্থিতাবস্থা বজায় রাখতে বলেননি দাবি করে তিনি বলেন, ওই জমি নিয়ে যাতে গোলযোগ না হয় আদালত তা দেখতে বলেছেন।মুঠোফোনে যোগাযোগ করা হলে এএসপি সিরাজুল ইসলাম বলেন, বুলু বেপারীর অভিযোগ সঠিক নয়। ১৯৯২ সালে বুলু বেপারীর বাবার কাছ থেকে তাঁর বাবা জমিটি কেনেন। আলোকচিত্রী আলীমুজ্জামানকে হয়রানি করার ব্যাপারে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির প্রথম আলোকে বলেন, আদালত শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলেছেন। ড্রেজার দিয়ে মাটি কাটায় আদালত অবমাননা হচ্ছে কি না তা বিচার করার দায়িত্ব আদালতের, পুলিশের নয়। আর আলীমুজ্জামানকে হয়রানি করার ব্যাপারে ওসি বলেন, সাংবাদিকের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।