বিরোধপূর্ণ জমি স্ত্রীর নামে লিখে নিলেন এসআই?
জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী ইসমাইল হোসেনকে মারধর করে জখম করার ঘটনার বিচার পেতে ঢাকার আশুলিয়া থানায় মামলা করেছিলেন স্ত্রী বৃষ্টি বেগম। সেই মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান তাঁদের এক প্রতিপক্ষের কাছ থেকে বিরোধপূর্ণ জমির ৫ শতাংশ তাঁর স্ত্রী সেলিনা বেগমের নামে লিখে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশি ঝামেলা এড়াতে বৃষ্টি বেগমের পক্ষ থেকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলমকে তিন লাখ টাকা ঘুষ দেওয়ার পরও শেষ রক্ষা পাননি তাঁরা। উল্টো মিথ্যা মামলা দিয়ে বৃষ্টি বেগমকে থানায় এনে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছেন এসআই মনিরুজ্জামান।
আশুলিয়ার আড়িয়ার মোড় এলাকার বাসিন্দা ইসমাইল হোসেনের সঙ্গে তাঁর স্ত্রী বৃষ্টি বেগমের নামে বাইপাইল মৌজায় কেনা ৫০০ শতাংশ জমির মালিকানা নিয়ে একই এলাকার আমিন মাতাব্বর, আজিজুল চৌকদার ও গোপালগঞ্জের জনৈক ফারুক আহাম্মেদসহ কয়েকজনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বছরের ৩০ জানুয়ারি ইসমাইলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর দুই পা ও হাত থেঁতলে দেয় প্রতিপক্ষের লোকজন। এর পরেই বিরোধপূর্ণ ওই জমি দখলে নেয় প্রতিপক্ষের লোকজন। আঘাতের কারণে হাঁটুর ওপর থেকে ইসমাইল হোসেনের বাঁ পা কেটে ফেলতে হয়েছে। ডান পা এখনো অচল, চিকিৎসা চলছে।
এ ঘটনায় বৃষ্টি বেগম গত বছরের ১ ফেব্রুয়ারি আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় গাজীরচট এলাকার ওয়াসিম, জুয়েল ও আজিজুল চৌকদারসহ ১৫ জনকে আসামি করা হয়। সেই মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামানকে।
ইসমাইল হোসেনের অভিযোগ, তদন্ত করতে গিয়ে মনিরুজ্জামানের সঙ্গে তাঁর প্রতিপক্ষের লোকজনের সখ্য গড়ে ওঠে। তাঁদের সহায়তা করার আশ্বাস দিয়ে মাস ছয়েক আগে ফারুক আহাম্মেদ কাছ থেকে মনিরুজ্জামান তাঁর স্ত্রী সেলিনা বেগমের নামে ৫ শতাংশ জমি লিখে নিয়ে তা দখলে নেন।
ইসমাইল বলেন, বেশ কিছুদিন দেন-দরবারের পর সুরাহা না হওয়ায় সম্প্রতি তিনি বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এতে ফল না পেয়ে ওই জমিসহ (এসআই মনিরুজ্জামান যে জমি লিখে নেন) তাঁর স্ত্রী বৃষ্টি বেগমের নামে কেনা বিরোধপূর্ণ সব জমি বিক্রির উদ্দেশে মাদারীপুরের আমেনা খাতুন ও আবুল কালামের নামে বায়না করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মনিরুজ্জামান গত মঙ্গলবার আজিজুল চৌকদারকে বাদী করে আশুলিয়া থানায় বাড়িঘর ভাঙচুর ও চুরির অভিযোগে মামলা করান। মামলায় ইসমাইল ও তাঁর স্ত্রী বৃষ্টি বেগমসহ পাঁচ জনকে আসামি করা হয়। পরদিন বুধবার মনিরুজ্জামান বৃষ্টি বেগমকে থানায় ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেন। পরে স্ট্যাম্পে আপসনামা লেখা হয়েছে বলে জানতে পারেন তাঁরা।
মাদারীপুর সদর উপজেলার জাফরাবাদ গ্রামের মিজানুর রহমানের স্ত্রী আমেনা খাতুন বলেন, জমি বায়না করার পর মনিরুজ্জামানের বিরোধিতার কারণে তাঁরা ওই জমির দখল নিতে পারছেন না। জমির দখল নেওয়ার জন্য আশুলিয়া থানার ওসিকে তিন লাখ টাকার ঘুষ দেওয়া হয়। এর পরও তিনি সহায়তা করছেন না।
এসআই মনিরুজ্জামান বলেন, পাশাপাশি এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে ফারুক তাঁর স্ত্রীকে পাঁচ শতাংশ জমি দান করেছেন। তিনি আরও বলেন, ফারুক আহাম্মেদই ক্রয়সূত্রে ওই জমিসহ (মনিরুজ্জামানের স্ত্রীর নামে লিখে দেওয়া) আড়িয়ারমোড় এলাকার বেশ কিছু জমির মালিক। বৃষ্টি বেগম ও তাঁর স্বামী অযথা তাঁকে হয়রানি করছিলেন। মঙ্গলবার তাঁরা বিষয়টি আপস করে ফেলেছেন।
অভিযোগ অস্বীকার করে ওসি বদরুল বলেন, বুধবার বৃষ্টি বেগম থানায় এসে ফারুক ও এসআই মনিরুজ্জামানের সঙ্গে তাঁদের কোনো বিরোধ নেই বলে জানান। এরপর মনিরুজ্জমানের সহায়তায় তাঁরা আপস করে ফেলেন। ইসমাইল ও তাঁর স্ত্রী বৃষ্টি বেগমের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে ওসি বলেন, একজন অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।