বিরোধপূর্ণ জমিতে আ.লীগের কার্যালয়, ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় প্রায় কোটি টাকা মূল্যের তিন শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছে। এরই জের ধরে একটি পক্ষের সমর্থনে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই জমিতে দলীয় কার্যালয় স্থাপন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, আদালতের নির্দেশে বিরোধপূর্ণ জমি ও আশপাশের এলাকায় গতকাল মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার দ্বিপেশ্বর গ্রামের রহমত আলীর স্ত্রী সুরাইয়া সুলতানা হোসেনপুর সদর বাজারের হাইস্কুল সড়কে দ্বিপেশ্বর মৌজার তিন শতক জমি কিনে বসবাস করছেন। তিনি এই জমির একাংশে আবাসিক ভবন ও অন্য অংশে দোকানঘর নির্মাণ করেন। এই দোকান ভাড়া নেন সন্তোষ মোদক নামের এক ব্যক্তি। পরে সন্তোষ মোদক দাবি করেন, তিনি উত্তরাধিকার সূত্রে ওই জমির মালিক।

গত শনিবার রাত আটটার দিকে আইয়ুব আলী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হকের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী ওই দোকানঘরের জায়গা দখল করে সেখানে ‘হোসেনপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেন।

রোববার সুরাইয়া সুলতানা কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে কার্যালয় স্থাপনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা করেন। আদালত থানার ওসিকে শান্তিশৃঙ্খলা নিশ্চিত করার আদেশ দেন। গতকাল বিকেলে সরেজমিন দেখা গেছে, ১৪৪ ধারা উপেক্ষা করে ওই জমিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা কার্যালয় স্থাপনের কাজ করছেন।

সুরাইয়া সুলতানার অভিযোগ, আওয়ামী লীগের ওই নেতা-কর্মীরা আগে কয়েক দফায় তাঁর প্রতিপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে প্রায় কোটি টাকার মূল্যের জমিটি দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।

আইয়ুব ও মাহবুবুল দাবি করেন, জমির মালিকের একটি পক্ষকে জানিয়ে সেখানে আওয়ামী লীগের কার্যালয় স্থাপন করা হয়েছে। মামলার রায় যার পক্ষে যাবে পরে তাঁকে জমি বুঝিয়ে দেওয়া হবে।

তবে দলের কার্যালয় স্থাপনের জন্য ওই জমির মালিক দাবিদার কোনো পক্ষের সঙ্গে ভাড়া কিংবা বন্ধকের কোনো চুক্তিপত্র হয়েছে কি না— জানতে চাইলে তাঁরা কোনো সদুত্তর দিতে পারেননি।