বিরোধপূর্ণ জমিতে সীমানাপ্রাচীর নির্মাণে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নাটোরের গুরুদাসপুর পৌর এলাকায় বিরোধপূর্ণ বাড়ি ঘিরে সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। এতে গতকাল সোমবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পৌর মেয়র ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রাজ্জাক মণ্ডলের মোড়ে বাড়ির সীমানা নিয়ে কাজী রেজাউল করিম ও আজাদ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল সকালে আজাদ লোকবলসহ ২৫ জন নির্মাণশ্রমিক নিয়ে বিরোধপূর্ণ ওই স্থানে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেন। পরে রেজাউল লোকবল নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পৌর মেয়র শাহনেওয়াজ আলী বলেন, বিরোধপূর্ণ বাড়িতে স্থাপনা নির্মাণে আদালতের নিষেধাজ্ঞা থাকায় পৌরসভা থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরও আগামী শুক্রবার দুপক্ষকে নিয়ে বসার উদ্যোগ নেওয়া হয়েছে।
জানতে চাইলে রেজাউল করিম বলেন, তিনি বাড়ির জায়গাটি ক্রয়সূত্রে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু আজাদ আলী ওই বাড়ির ১ দশমিক ২৫ শতক জায়গা জোরপূর্বক দখল করেছেন।
আজাদ আলীর পক্ষে তাঁর ভায়রা ভাই রবিউল করিম বলেন, ‘আমাদের দখলে থাকায় জায়গায় ওই প্রাচীর তোলা হচ্ছিল। মেয়রের অনুরোধের পরিপ্রেক্ষিতে বন্ধ রাখা হয়েছে।’