বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে সংঘর্ষ, আহত ৪
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছাতনি গ্রামে বিরোধপূর্ণ জমির বোরো ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন বেলাল হোসেন (৫৫), নুর মোহাম্মদ (৩২), তাইজুল (২৬) ও রায়হান (৩০)। গতকাল রোববার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
আহত বেলাল হোসেন জানান, প্রতিবেশী মোজাফফর হোসেনের নেতৃত্বে ১৪-১৫ জন সকাল ছয়টার দিকে জমির কাঁচা বোরো ধান কাটতে থাকেন। এ সময় তিনি ও তাঁর পরিবারের চার-পাঁচজন গিয়ে বাধা দিলে তাঁরা হামলা ও এলোপাতাড়ি তাঁদের মারধর করেন। এতে তিনিসহ চারজন আহত হন। পরে গ্রামের লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নুর মোহামঞ্চদ, তাইজুল ও রায়হানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাকিমপুর পৌরসভার কাউন্সিলর জিয়াউর রহমান জানান, বেলাল ও মোজাফফরের মধ্যে ১০-১১ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। বোরো ধান লাগানোর আগে দুই পক্ষের দলিলপত্র নিয়ে মীমাংসার জন্য তিনবার বৈঠক হয়েছে। ওই বৈঠকে বেলালকে পাঁচ বিঘা জমি ছেড়ে দিতে বললে মোজাফফরের পক্ষ মীমাংসায় রাজি হননি।
মোজাফফর হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।