বিরোধপূর্ণ জমির ধান ঝরছে মাঠে
বরগুনার পাথরঘাটা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডে বিরোধপূর্ণ প্রায় ২৭ শতাংশ জমির ধান জমিতেই ঝরে পড়ছে।
ওই জমি নিয়ে জাকারিয়া রেজভী, খালেদা বেগম এবং মুনিরা ইয়াসমিন নামের স্থানীয় তিন ব্যক্তির সঙ্গে উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম চৌধুরীর বিরোধ রয়েছে। এ কারণে জমির ধান কাটা যাচ্ছে না। ২৭ শতাংশ জমির প্রায় আট মণ ধান মাঠেই ঝরে পড়ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ নম্বর ওয়ার্ডের ৩২ শতাংশ জমি সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান মরিয়ম চৌধুরী নিজের বলে দাবি করছেন। ওই তিন ব্যক্তিও জমিটি তাঁদের বলে দাবি করছেন। ওই জমির ২৭ শতাংশে চলতি মৌসুমে ধান চাষ করা হয়। এক পক্ষ জমি চাষাবাদের জন্য প্রস্তুত করে আর অপর পক্ষ ওই জমিতে ধানের বীজ রোপণ করে। এরপর সাড়ে তিন মাসে ওই জমির ধান পরিপক্ব হলেও সহিংসতার আশঙ্কায় কোনো পক্ষই ধান কাটতে পারছে না। জমিটি নিয়ে আদালতে মামলাও চলছে।
জাকারিয়া রেজভী বলেন, ওই জমি মরিয়ম চৌধুরী ক্ষমতার প্রভাব খাটিয়ে নিজের বলে দাবি করছেন। অভিযোগ অস্বীকার করে মরিয়ম চৌধুরী বলেন, বিরোধের কারণে ওই জমির ধান মাঠেই ঝরে পড়ছে।