বিরোধপূর্ণ ফসলি জমির মাটি কেটে ইটভাটায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের এক ব্যক্তির ফসলি জমি থেকে জোরপূর্বক মাটি কেটে বিক্রি করছে একটি ভূমিখেকো চক্র। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে চারটি ট্রাক্টর দিয়ে ওই মাটি কাটা হয়। গ্রামবাসী, পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাঙ্গালিয়া গ্রামের প্রয়াত বাদশা মিয়ার দুই একর ৫২ শতক জায়গা নিয়ে তাঁর পরিবারের সঙ্গে ওই গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের একদল ভূমিখেকো চক্রের মতবিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলাও চলছে। কিন্তু মামলা চলাকালীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে আবু মিয়া (৩২), ইকবাল হোসেন (২৭), জসিম উদ্দিন (৪০), ইসু মিয়া (৪০), নুরুল ইসলাম ওরফে ইউসুফ (৫০), মো. আলী নেওয়াজ (৪৫) ও মো. আবদুর রহমানের (৪২) নেতৃত্বে বাদশা মিয়ার জমির মাটি কাটা শুরু হয়। এ ঘটনার প্রতিকার চেয়ে বাদশা মিয়ার ওয়ারিশ মো. মনির হোসেন গতকাল কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নুরুল ইসলাম ওরফে ইউসুফ ও জসিম উদ্দিন বলেন, তাঁরা ক্রয়সূত্রে এক একর ৫২ শতক জায়গার মালিক। সাত-আট মাস আগে নাকি তাঁরা জায়গাটি ক্রয় করেন। এ নিয়ে মামলা চলছে। পুলিশ নিষেধাজ্ঞা দেওয়ায় তাঁরা মাটি কাটা বন্ধ রেখেছেন বলে জানান।উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দিয়েছি। উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে ২২ অক্টোবর হাজির হওয়ার জন্য বলেছি। এখন মাটি কাটা বন্ধ রয়েছে।’