বিরোধিতা করলেই নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলম মিয়া ও হাসিম মিয়ার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহজুরী গ্রামে। পেশায় দুজনই ব্যবসায়ী। ৬ এপ্রিল তাঁরা পাশের নরসিংদীর বেলাব উপজেলার পোড়াদিয়া বাজার থেকে সাইকেলের যন্ত্রাংশ কিনে বাড়ি ফিরছিলেন। বেলাব উপজেলার বিন্নাবাইদ বর্মণী এলাকায় আসামাত্র কয়েকজন যুবক তাঁদের গতি রোধ করে। পরে গাছের সঙ্গে বেঁধে দীর্ঘ সময় ধরে চালানো হয় নির্যাতন। খবর পেয়ে লোহাজুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হায়দার মারুয়ার ছেলে রাসেল মারুয়া (২৭) তাঁদের সাহায্যে এগিয়ে আসেন। পরে তাঁকেও একই কায়দায় নির্যাতন করা হয়। এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে গাছে বাঁধা অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসাপাতালে পাঠায়। আলম ও হাসিম মিয়ার ‘অপরাধ’ একটি মতাদর্শ নিয়ে বিতর্ক তোলা। বরকত উল্লা খান নামে মৃত এক ব্যক্তিকে ‘ধর্মীয় নেতা’ দাবিই হচ্ছে ওই মতাদর্শের মূল কথা। কথিত ওই মতাদর্শ নিয়ে প্রশ্ন তোলায় বরকত উল্লার অনুসারীরা আলম ও হাসিমের ওপর নির্যাতন চালান। বিন্নাবাইদ উচ্চবিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম মাহতাব উদ্দিন বলেন, ‘বরকত উল্লা খানের অনুসারীরা প্রথমে গোপনে তাঁদের কার্যক্রম চালালেও এখন প্রকাশ্যে চালাচ্ছেন। তাদের মতাদর্শ মুসলমানেরা মেনে নিতে পারছে না। মতাদর্শ প্রচারে বাধা দিলে ওই ব্যক্তির ওপর চালানো হয় নির্যাতন। তাদের নির্যাতন থেকে শিশু ও বৃদ্ধরা পর্যন্ত রেহাই পাচ্ছে না।’এমন মতাদর্শ প্রচারকে কেন্দ্র করে নয় বছর ধরে হামলা, মামলা, সংঘাত আর রক্তপাতের মধ্য দিয়ে চলছে বিন্নাবাইদের জনপদ। গত মঙ্গলবার কথিত ওই মতাদর্শের অনুসারীদের বিরুদ্ধে স্থানীয় লোকজন এক সমাবেশ করে। বিকেলে বিন্নাবাইদ উচ্চবিদ্যালয় মাঠে ওই সমাবেশে ‘বরকত উল্লা খান অনুসারী প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়।সরেজমিন বিন্নাবাইদ গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০১ সালের শুরুর দিকে বেলাব উপজেলার পাশের পাটুলী ইউনিয়নের পাটুলী গ্রামের আবু তাহের ভূঁইয়া নামের এক ব্যক্তি প্রথমে ওই মতাদর্শ গ্রহণ করেন। পরে প্রচারে বের হন তিনি। নিজ ইউনিয়নে মতাদর্শ প্রচার করে তেমন একটা সুবিধা করতে পারেননি। তবে বিন্নাবাইদ গ্রামে ভাগনি জামাই রেজাউল করিমের (৪৫) মাধ্যমে অল্প সময়ে বেশ কিছু অনুসারী জুটিয়ে ফেলেন তাহের ভূঁইয়া। খোঁজ নিয়ে জানা গেছে, বরকত উল্লা খানের বাড়ি ঢাকার নবাবগঞ্জে। বার্ধক্যজনিত কারণে ২০০৫ সালের ১১ জানুয়ারি মারা যান তিনি। এরপর তাঁর মতাদর্শ প্রচারের কেন্দ্রীয় কর্তাব্যক্তি মনোনীত হন বজলুল রশিদ। বেলাব উপজেলার দায়িত্ব পড়ে আবু তাহের ভূঁইয়ার ওপর, আর বিন্নাবাইদের দায়িত্ব নেন রেজাউল করিম।ইংরেজি মাসের প্রথম শুক্রবার রাতে রেজাউল করিমের বাড়িতে সভার আয়োজন করা হয়। দুই থেকে তিনটি মাইক্রোবাসে করে ঢাকা থেকে আসেন নেতারা। এ সময় দেশীয় অস্ত্র হাতে বেশ কিছু লোক সভাস্থলের চারদিকে পাহারায় থাকেন। তাঁদের মতাদর্শ বিশ্বাস করেন না—এমন কাউকে ঢুকতে দেওয়া হয় না সেখানে। নয় বছরের ব্যবধানে বিন্নাবাইদ গ্রাম থেকে বরকত উল্লার অনুসারী হয়েছেন ৬০-৭০ জন। অনুসারীদের মধ্যে তরুণই বেশি। কথিত ওই মতাদর্শের অনুসারীদের সঙ্গে গ্রামবাসীর বেশ কয়েকবার সংঘর্ষ বেধেছে। ২০০১ ও ২০০৭-এর সংঘর্ষ বড় আকার ধারণ করে। ওই দুই ঘটনায় উভয় পক্ষের অনেকে আহত হয়। ২০০১ সালে পুলিশ বরকত উল্লার মতাদর্শের ১২ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সর্বশেষ কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের তিনজনের ওপর নির্যাতনের ঘটনায় কটিয়াদীতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে ইব্রাহিম ও বাবুল নামের বরকত উল্লার দুই অনুসারীকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।বিন্নাবাইদ গ্রামের মোস্তফা কামাল নামের এক তরুণ বলেন, ‘তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ করায় গত বছর বরকত উল্লার অনুসারী ফারুক, জিহাদ ও মানিক আমাকে প্রকাশ্যে মারধর করেছে। তাদের বিরোধিতা না করার জন্য শাসিয়ে দিয়েছে।’ ওই তরুণ আরও বলেন, ‘তারা যে শুধু শারীরিক নির্যাতন চালায় তা নয়, রাতের আঁধারে বিরোধিতাকারীদের ফসলি জমি নষ্ট করে ফেলে। গোয়াল থেকে গরু-ছাগল ধরে নিয়ে যায়।’স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী সোলায়মান মিয়া জানান, কিছু দিন আগে বিন্নাবাইদ বাজারে বসে পত্রিকা পড়ছিলেন। চাওয়ামাত্র পত্রিকাটি না দেওয়ায় সাদ্দাম ও মানিক নামে কথিত মতাদর্শের দুজন তাঁকে মারধর করেন। সোলায়মান আরও জানান, তাঁদের বিরোধিতা করায় কিছু দিন আগে মাহাতাব উদ্দিন নামে এক অশীতিপর ও সত্তর বছর বয়সী কলিম উদ্দিনকে লাঞ্ছিত হতে হয়েছে। গত ২২ এপ্রিল সন্ধ্যায় বিন্নাবাইদ গ্রামে রেজাউল করিমের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী, ছেলে সুমন ভূঁইয়ার স্ত্রী ফাতেমা আক্তার ও তাঁর মা ছাড়া বাড়িতে আর কেউ নেই। ফাতেমা আক্তার তাঁদের বাড়িতে মাসে এক দিন সভা হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘সভায় ধর্মীয় আলোচনা হয়। এতে গ্রামের নারী-পুরুষেরা এসে আমাদের কথা শোনেন।’ মুঠোফোনে কথা হয় বেলাব অঞ্চলের প্রধান পাটুলী গ্রামের আবু তাহের ভূঁইয়ার সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে অভিযোগ, আমরা ইসলামকে বিকৃত করছি। আসলে তা নয়।’ এগুলো তাঁদের বিরুদ্ধে অপপ্রচার বলে দাবি করেন তিনি। নির্যাতনের অভিযোগের কথা অস্বীকার করে আবু তাহের ভূঁইয়া পাল্টা প্রশ্ন করেন, ‘আমরা নির্যাতন করব কীভাবে? আমরা হলাম সংখ্যালঘুদের মধ্যে সবচেয়ে ছোট।’ বরকত উল্লাকে ‘ধর্মীয় নেতা’ দাবি প্রসঙ্গে আবু তাহের ভূঁইয়া বলেন, ‘বরকত উল্লা আমাদের আদর্শ ও আধ্যাত্মিক নেতা।’ বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রতন মিয়া জানান, এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করতে হবে, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বড় ধরনের কোনো সহিংতার আশঙ্কা নাকচ করে দিয়েছেন। তবে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এজাজ আহমেদ প্রথম আলোকে বলেন, বরকত উল্লা খানের মতাদর্শ প্রচার মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনেছে। তাঁরা বিষয়টি মেনে নিতে পারছেন না। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেলাব থানায় অতিরিক্ত পুলিশ রাখা হয়েছে।