বিরোধী জোটের ৮৩ ঘণ্টার অবরোধ শুরু

১৮-দলীয় জোটের ডাকা ৮৩ ঘণ্টা অবরোধ আজ শনিবার ভোর ছয়টা থেকে শুরু হয়েছে। চলবে আগামী মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে গত বৃহস্পতিবার সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। এটি ১৮ দলের পঞ্চম দফা অবরোধ কর্মসূচি।
জাতীয় টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত জাতিসংঘ ও স্বাস্থ্য বিভাগের যানবাহন, সংবাদপত্র ও ফায়ার সার্ভিসের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত ও নির্দলীয় সরকারের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। এর আগে চার দফা অবরোধ করেছে জোটটি। প্রথম দফায় ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ৭১ ঘণ্টা, এরপর ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ১৩১ ঘণ্টা, তৃতীয় দফায় ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ঘণ্টা এবং সর্বশেষ ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ ডাকা হয়।