বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতারা ‘সন্ত্রাস ও নৈরাজ্য’ মোকাবিলায় হরতালে রাজপথে থাকতে দলীয় নেতা-কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনা পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিরোধী দল। যুদ্ধাপরাধীদের বিচার বানচালে এটি তাদের নতুন ষড়যন্ত্র।‘হরতালের নামে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার প্রতিবাদে’ গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন।সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, হত্যা, গুম ও ষড়যন্ত্র বিএনপির রাজনীতি। তিনি বলেন, ইলিয়াস আলীর অন্তর্ধানকে ইস্যু হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে চায় বিএনপি। ইলিয়াস আলীকে বিএনপির নেতারা গুম করেছেন উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া বলছেন, তাঁকে র‌্যাব নিয়ে গেছে। তিনি যদি এটা জানেন, তবে তাঁকে কোথায় নিয়ে গেছে সেটাও জানেন।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, হরতালের আগের দিন বাসচালককে পুড়িয়ে হত্যার দায়দায়িত্ব খালেদা জিয়া ও বিএনপিকে নিতে হবে। তিনি আজ সোমবার বিরোধী দল আহূত হরতাল চলাকালে নেতা-কর্মীদের সতর্ক থেকে যেকোনো পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বিএনপির নেতারা ইলিয়াস আলীকে লুকিয়ে রেখে হরতালের কর্মসূচি দিয়েছেন। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিরোধী দল যত কঠোর কর্মসূচি দেবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তত কঠোর হাতে নৈরাজ্য ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে।মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন ফয়েজউদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, আওলাদ হোসেন, আশরাফুন্নেসা মোশাররফ, এ এইচ এম বদিউজ্জামান, সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।