বিরোধী দল ছাড়া সংসদের আরেকটি অধিবেশন শুরু
প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে গতকাল রোববার বিকেল সোয়া চারটায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। নবম জাতীয় সংসদের এটি সপ্তম অধিবেশন। সংসদের চলতি অধিবেশন আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। নবম জাতীয় সংসদের এটি হবে সংক্ষিপ্ততম অধিবেশন। রোববার বিকেলে সংসদের কার্যউপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব পাঠ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি দলের অধিকাংশ সাংসদ এ সময় সংসদে উপস্থিত ছিলেন। তবে বিরোধী দলের সদস্যরা সংসদে না থাকায় অধিবেশন কক্ষের বাঁ পাশ ছিল ফাঁকা।স্পিকার আবদুল হামিদ অধিবেশনের শুরুতেই সবাইকে স্বাগত জানান। একই সঙ্গে বিরোধী দল বিএনপিকে সংসদে ফিরে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘রাজনীতিতে নীতিগত ভিন্নতা আছে বলেই আমরা ভিন্ন দল করে থাকি। কিন্তু সকল রাজনৈতিক দলের মূল লক্ষ্য হচ্ছে জনকল্যাণ। দেশবাসী আশা করে, সকল রাজনৈতিক দল জনস্বার্থে কাজ করবে।’ প্রসঙ্গত, প্রধান বিরোধী দল বিএনপি সর্বশেষ গত ২ জুন সংসদে যোগ দিয়েছিল।সভাপতিমণ্ডলী মনোনয়ন: চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন—ইমরান আহমেদ, আতিউর রহমান আতিক, মুজিবুর রহমান, আবুল খায়ের ভূঁইয়া ও মাহাবুব আরা গিনি। স্পিকার আবদুল হামিদ সভাপতিমণ্ডলীর নাম প্রস্তাব করেন।