নবম জাতীয় সংসদের দশম অধিবেশন গতকাল বৃহস্পতিবার বিরোধী দলের অনুপস্থিতিতে শুরু হয়েছে। অধিবেশন চলবে ২৫ আগস্ট পর্যন্ত। গত অধিবেশনের মতো এ অধিবেশনেও বিরোধী দল যোগ দেবে না বলে জানা গেছে।গতকাল বেলা ১১টায় অধিবেশনের শুরুতেই স্পিকার আবদুল হামিদ অধিবেশনকক্ষে সব সাংসদকে স্বাগত জানান। তিনি বলেন, রাজনীতির গুণগত পরিবর্তন প্রয়োজন, এ ছাড়া সুশাসনের আবহ তৈরি হবে না। সুশাসনের পূর্বশর্তই হচ্ছে যেকোনো বিষয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো, আর সমঝোতার জন্য সংসদই হচ্ছে অন্যতম স্থান।স্পিকার বলেন, সংসদ কার্যকর থাকলেই গণতন্ত্র ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সুসংহত হয়। সংসদকে কার্যকর করতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। কারণ, প্রকৃত অর্থে বিরোধী দলই পারে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিতে। তিনি বলেন, সংসদ হচ্ছে গণতন্ত্রচর্চার প্রাণকেন্দ্র। তাই সংসদ কার্যকর করার লক্ষ্যে দলমত-নির্বিশেষে সব সাংসদকেই কাজ করতে হবে।আবদুল হামিদ বলেন, গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী হলে দেশের উন্নয়ন-প্রক্রিয়া ত্বরান্বিত হবে। আর সংসদ কার্যকর হলে দেশে গণতন্ত্রের ভিত্তি মজবুত হয়। এ জন্য সরকারি ও বিরোধী উভয় দলকে একযোগে কাজ করতে হবে।অধিবেশন শুরুর আগে স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সভা হয়। সভায় অধিবেশনের সময় ও কার্যসূচি নির্ধারণ করা হয় এবং এ অধিবেশন সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এ অধিবেশন হবে চার কার্যদিবসের।শোক প্রস্তাব: অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়নের পর শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাবে পাঁচজন সাবেক সাংসদ, শিল্পী মোহাম্মদ কিবরিয়া ও আমিনুল ইসলাম, সংগীতশিল্পী আজম খান, চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক মুনীর (মিশুক মুনীর), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক সংগীতজ্ঞ মৃদুল কান্তি চক্রবর্তী এবং চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ৪৪ জনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।বেলা সোয়া দুইটায় অধিবেশন আগামী মঙ্গলবার বেলা দুইটা পর্যন্ত মুলতবি করা হয়।