বিরোধী দল জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চাইছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভায় বক্তারা বলেছেন, আখতারুজ্জামান ছিলেন অসাম্প্রদায়িক। এখন বিরোধী দল দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চাইছে। বিশ্ব রাজনীতি পরিবর্তন হয়েছে, সাম্প্রদায়িক রাজনীতি আর নেই। গতকাল শুক্রবার বিকেলে লালদীঘি মাঠে অনুষ্ঠিত স্মরণসভা অনুষ্ঠিত হয়। নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভার প্রধান অতিথি ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি প্রয়াত নেতার ছেলে সাইফুজ্জামান চৌধুরীকে দেখিয়ে বলেন, ‘বাবু ভাই না থাকলেও তাঁর সন্তানকে আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা তার বাসায় যাবেন এবং তার পরিবারের খোঁজখবর রাখবেন।’ প্রধান বক্তা দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ভারতের দুয়ারে ধরনা দিয়ে বিএনপির রাজনৈতিক পরাজয় ঘটেছে। এটাই আওয়ামী লীগের রাজনৈতিক জয়। তিনি আরও বলেন, জামায়াত-শিবির নিয়মতান্ত্রিক রাজনীতির বাইরে গিয়ে পুলিশের ওপর হামলা করছে। জঙ্গিবাদ সৃষ্টির জন্য খালেদা জিয়ার মদদে এটা করে যাচ্ছে। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, সাংসদ মোশাররফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যন ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, সাবেক সাংসদ ইছহাক মিয়া, আখতারুজ্জামান বাবুর জ্যেষ্ঠ পুত্র সাইফুজ্জামান চৌধুরী প্রমুখ।