স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বিরোধী দল হরতাল ডেকে জনজীবন দুর্বিষহ করে তুলেছে। মানুষকে কষ্ট দেওয়ার জন্যই তারা ইস্যুহীন হরতাল ডাকছে।গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয়।নাছিমুল আলম চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে রাজধানী ঢাকার যানজট কমেছে দাবি করে মন্ত্রী বলেন, ঢাকা মহানগরে ট্রাফিক সিগন্যাল অনুযায়ী যানবাহন চলাচল নিশ্চিত করা হয়েছে। এতে যানবাহনের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠাসহ যানজট বহুলাংশে কমেছে। মন্ত্রী ট্রাফিক পুলিশকে ঢেলে সাজানোর লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দেন। তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন এলাকায় অপরাধ দমন, ট্রাফিক-ব্যবস্থা ও জনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ৫৯টি নির্বাচিত স্থানে ১৫৫টি সিসিটিভি স্থাপনের কাজ শেষ হয়েছে।এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে প্রশ্নোত্তর পর্বে তাঁর পক্ষে অংশ নেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। এর কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অধিবেশনকক্ষে প্রবেশ করেন। এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যানজটের কারণেই তাঁর সংসদে আসতে দেরি হয়েছে।প্রশ্নোত্তর পর্বে সাংসদ এম আবদুল লতিফ জানতে চান, পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা পুলিশের কাছেই করতে হয়। ফলে অভিযোগের কোনো সুফল পাওয়া যায় না। জনভোগান্তি লাঘবে এসব অভিযোগ তদন্তে অন্য কোনো প্রভাবমুক্ত সংস্থাকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা আছে কি না? এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের সব সংস্থা ও বাহিনীর সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিজ নিজ বাহিনী দ্বারা বিধি অনুযায়ী অনুসন্ধান করা হয়। পুলিশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পুলিশের নিজস্ব আইনে করা হয়ে থাকে।হরতালে রাস্তা বন্ধ করে মিছিল করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, হরতাল চলাকালীন সময়ে রাস্তা বন্ধ করে মিছিল করা যাবে না। হরতালের দিন ভ্রাম্যমাণ আদালতের কাজও অব্যাহত থাকবে।গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘ব্যবসায়ী মহলসহ কয়েকটি মহল হরতাল প্রত্যাহারের আবেদন করেছে। সরকারের পক্ষ থেকেও আমরা বিরোধী দলকে হরতাল প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছি।’মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনার কথা জানিয়ে সাহারা খাতুন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী হরতালে নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।