বিরোধী দল তালবাহানা করে সংলাপ এড়িয়ে যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহীউদ্দীন খান আলমগীর
মহীউদ্দীন খান আলমগীর

বিরোধী দল তালবাহানা করে সংলাপ এড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। আজ শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগে থেকেই বিরোধী দলকে সংলাপে অংশগ্রহণ করে বক্তব্য উপস্থাপন করতে বলেছেন। তারা তালবাহানা করে এটি এড়িয়ে যাচ্ছে। সংলাপের নামে তারা যে এই তালবাহানা করছে, এটা জাতির কাছে সুস্পষ্ট হয়ে গেছে। সময়মতো সংবিধান অনুযায়ী অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার বিষয়ে সংলাপের প্রস্তাব এখনো উন্মুক্ত আছে।
বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মারার, জনগণের সম্পদ বিনষ্ট করার অধিকার কারও নেই। আমি ইতিমধ্যে সংসদে বলেছি, যাঁদের আন্দোলন, হরতাল ও সহিংসতার নির্দেশের কারণে লোকজনের প্রাণ গেছে, তাঁদের সবার বিরুদ্ধে হত্যা মামলা করা হবে। এই হত্যার দায় তাঁদের বহন করতে হবে।’
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমুখ।