বিরোধী দল নির্বাচনে অংশ নেবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, বিরোধী দল আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের মতো জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেবে। যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেন গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। খবর বাসস ও ইউএনবির।বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লাল দেব জানান, শেখ হাসিনা ও শারমেন বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক, রোহিঙ্গা শরণার্থী সমস্যা এবং পোশাকশিল্প খাত-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার দেশে গণতন্ত্র সুসংহতকরণে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ‘আমরা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ বিধায় গণতন্ত্র আরও শক্তিশালীকরণে কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বিগত সাড়ে চার বছরে জাতীয় সংসদের ১৫টি উপনির্বাচন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদসহ পাঁচ হাজার ৬৪৫টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সব নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। কেউই এসব নির্বাচন সম্পর্কে কোনো প্রশ্ন তুলতে পারেনি।পোশাক খাতের সমস্যা সম্পর্কে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছে এবং তাঁদের জন্য একটি পৃথক মজুরি বোর্ড গঠনের কাজ এগিয়ে চলেছে। তিনি বলেন, ‘পোশাকশ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে বর্তমান শ্রম আইন সংশোধন করা হচ্ছে।’শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে শারমেন বাংলাদেশে বিদ্যমান গণতন্ত্রের প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ দেখে খুবই খুশি।’বাংলাদেশের পোশাকশিল্প খাতে বর্তমান সমস্যা সম্পর্কে শারমেন বলেন, যুুক্তরাষ্ট্রও গত শতাব্দীতে একই ধরনের সমস্যা মোকাবিলা করেছে এবং রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন ঘটিয়েছে। তিনি বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশও একই ধরনের রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।’যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উল্ল্লেখ করেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে। তিনি বলেন, ওয়াশিংটন খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং মুসলিম উম্মার সঙ্গে সম্পর্ক গঠনের মতো সব আন্তর্জাতিক উদ্যোগে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে।শারমেন দারিদ্র্য বিমোচন, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস এবং নারীর ক্ষমতায়নে অভূতপূর্ব সাফল্যের জন্য বাংলাদেশের উচ্ছ্বসিত প্রশংসা করেন।