বিরোধী দল নির্বাচনে আসবে, আশাবাদী প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই

বাংলাদেশে সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। আজ রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এই প্রত্যাশার কথা বলেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে আশ্বস্ত করেছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব বিজন লাল দেব এ কথা জানান।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণযোগ্য। এই নির্বাচনে বিরোধী দলও অংশ নেবে।
প্রায় এক ঘণ্টার এই বৈঠকে প্রধানমন্ত্রী দেশের নির্বাচন-ব্যবস্থা এবং কয়েক বছরে বর্তমান সরকারের অধীনে হওয়া নির্বাচনগুলোর কথা তুলে ধরেন। তিনি বলেন, ছবিযুক্ত ভোটার তালিকার কারণে নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই। ঢাকা সফররত নিশা দেশাই বিসওয়াল গতকাল শনিবার তিন দিনের সফরে ঢাকা আসেন। রাতে বৈঠক করেন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে। আজ রোববার তিনি বৈঠক করেছেন ড. ইউনূস, বিজিএমইএর প্রতিনিধিদের সঙ্গে। রাতেই নিশার বৈঠক করার কথা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে।