ঈদের পর বিরোধী দল কোনো আন্দোলন কর্মসূচি দিলে রাজপথে থেকে তার কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। গতকাল রোববার ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে আওয়ামী লীগের নেতারা এ ঘোষণা দেন। এ জন্য তাঁরা আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকেও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।‘বিএনপি-জামায়াত-শিবিরের গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র ও উগ্র সাম্প্রদায়িক জঙ্গি হামলার প্রতিবাদে’ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি বলেন, ‘বিএনপির নেতারা আন্দোলন করবে। আর আমরা হাতে চুড়ি পরে ঘরে বসে থাকব? আমাদের প্রতিবাদের ভাষা এমন কঠিন হবে যে আপনারা টের পাবেন প্রতিবাদ কাকে বলে।’আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, বিএনপি-জামায়াত জোট ষড়যন্ত্রে লিপ্ত। ঈদের পরে বিএনপির সব আন্দোলন যেকোনোভাবে ঠেকাতে হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আজিজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার প্রমুখ।