বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বলেছেন, কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে তাঁর দল ভবিষ্যতে সংসদে গঠনমূলক ভূমিকা পালন করবে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।দুজনের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বৈঠক শেষে মরিয়ার্টি সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন, সরকার ও বিরোধী দল ভবিষ্যতে একসঙ্গে কাজ করে দেশের উন্নয়নকে এগিয়ে নেবে। এ ছাড়া বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি প্রাধান্য পায়।বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, খালেদা জিয়ার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। শমসের মবিন জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশর পণ্য রপ্তানি যাতে আরও বেশি বৃদ্ধি পায়, খালেদা জিয়া সে বিষয়ে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেছেন।সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরী গতকাল চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত এই বৈঠক প্রায় পৌনে এক ঘণ্টা স্থায়ী হয়।বৈঠক শেষে শমসের মবিন চৌধুরী জানান, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে।