বিরোধী দল সরকারকে সহযোগিতা করে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের বিরোধী দলের প্রশংসা করলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকার খারাপ কিছু করলে অবশ্যই বিরোধী দল সমালোচনা করবে। কিন্তু সরকারকে সহযোগিতা করাও বিরোধী দলের কাজ। বিরোধী দল তা করে যাচ্ছে। তারা সংসদে আছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ-সম্পর্কিত আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা এবং দশম সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপি-জামায়াতের নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের এবং বিদেশিদের কেউ কেউ সংসদের বাইরের দলকে বিরোধী দল বলছে। আমাদের বিষয় নিয়ে বিদেশিরা নাক গলায়। আমরাও তাদের কাছে ধরনা দেই।’ তিনি বলেন, ভোটে জিতে যারা সংসদে আসবে, তারাই আইনসংগত বিরোধী দল। যারা সংসদে নেই, তারা শুধুই একটি রাজনৈতিক দল। বিরোধী দল হিসেবে তাদের অস্তিত্ব নেই। প্রধানমন্ত্রী বলেন, যে বিরোধী দল সংসদে আসে না, সেই বিরোধী দল থাক না-থাক, তাতে কী আসে যায়। সেই বিরোধী দলের জন্য অনেকের কেন এত কান্নাকাটি, তা বুঝি না। বিরোধী দল জনগণের মনের কথা সংসদে তুলে ধরবে, এটাই সবার চাওয়া।
সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস, দেশের প্রথম রাষ্ট্রপতি প্রভৃতি বিষয়ে সৃষ্ট বিতর্ক সম্পর্কে প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘বিরোধী দলের মিথ্যা বলে বিতর্ক সৃষ্টির উদ্দেশ্য কী? উদ্দেশ্য একটাই, পাক হানাদার বাহিনীর অপকর্ম ধামাচাপা দেওয়ার চেষ্টা। তাদের অপকর্ম ঢেকে তোষামোদি-খোশামোদি করা। যারা এসব বিতর্ক সৃষ্টি করছে, তারা দেশের স্বাধীনতা চায় না, বিশ্বাস করে না। তারা বাংলাদেশের উন্নতি চায় না।’
শেখ হাসিনা বলেন, ‘জিয়া অস্ত্র ঠেকিয়ে বিচারপতি সায়েমকে সরিয়ে রাতারাতি রাষ্ট্রপতি হন। মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা খালেদ মোশাররফ, হায়দার, হুদাকে জিয়া হত্যা করে। তাঁর সময়ে ১৯টা ক্যু হয়। ৫৬৫ জন বিমানবাহিনীর কর্মকর্তাকে হত্যা করা হয়। লোকে বলত, জিয়া নাশতার টেবিলে বসেও মৃত্যুদণ্ডের আদেশে সই করত।’ তিনি বলেন, জিয়াকে মুক্তিযোদ্ধা, ঘোষক বলা হচ্ছে, তাহলে তিনি কীভাবে মুক্তিযুদ্ধ-বিরোধিতাকারীদের পুনর্বাসিত করেন?