‘সরকারকে উৎখাত ও যুদ্ধাপরাধীদের বিচার নস্যাতের ষড়যন্ত্রের’ প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ।বেলা তিনটায় একযোগে রাজধানীর ১০০টি ওয়ার্ড ও ১৯টি ইউনিয়নে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।এ ছাড়া যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এক সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ।সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বর্তমানে বিরোধী দল সর্বোচ্চ গণতান্ত্রিক অধিকার ভোগ করছে। বিরোধী দল গত তিন বছরে কেবল ঢাকায় তিন হাজার সভা-সমাবেশ করেছে কোনোরকম প্রতিবন্ধকতা ছাড়াই। তিনি বিএনপিকে আওয়ামী লীগের কাছ থেকে গণতন্ত্রের শিক্ষা নেওয়ার আহ্বান জানান।আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, যাঁরা ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি, যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের রক্ষা করতে চান, জনগণ তাঁদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।আরেক সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘বাংলার মানুষ দুর্নীতিবাজ তারেকের মাকে আর ক্ষমতায় দেখতে চায় না।’এদিকে, বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল হকের নেতৃত্বে সম্মিলিত আওয়ামী লীগের সমর্থক জোট একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। আওয়ামী লীগের সমর্থক ২২টি সংগঠনের নেতা-কর্মীরা এই সমাবেশে অংশ নিয়েছেন বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।