বিরোধী দল হতে চায় বিএনএফ!
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) ২২ জন প্রার্থী দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর নির্বাচনে জয়ী হয়ে এই ২২ জনকে নিয়েই দলটি বিরোধী দল হওয়ার প্রত্যাশা করছে। গতকাল বৃহস্পতিবার নগরের সেগুনবাগিচায় বিএনএফের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির প্রধান এস এম আবুল কালাম আজাদ এই প্রত্যাশার কথা জানান। তিনি বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনএফের ২২ জন প্রার্থী জয়লাভ করেন, তবে আমরাই সংসদে বিরোধী দল হব। আদর্শচ্যুত হয়ে শেখ হাসিনার অধীনে যাব না, এটা নিশ্চিত।’
আবুল কালাম বলেন, এবারের নির্বাচনে বিএনপির আসার আর সুযোগ নেই। বিএনএফ ছাড়া বিরোধী দল গঠন করতে পারে, সে ধরনের আর রাজনৈতিক দলও নেই। তাই বিরোধী দল পেতে হলে শেখ হাসিনাকে শত্রুর বদলে বিএনএফের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া উচিত।
বিএনএফের কাছে ২২ জন প্রার্থীর তালিকা চাওয়া হলে যে তালিকা দেওয়া হয়, তাতে রয়েছে ২৩ জনের নাম। এ প্রসঙ্গে জানতে চাইলে জানানো হয়, তালিকার ২৩ নম্বরে আবছার আলী স্বতন্ত্র প্রার্থী, তবে নির্বাচনে জয়ী হলে তিনি বিএনএফে যোগ দেবেন বলে অঙ্গীকার করেছেন। তাই আগে থেকেই তাঁর নামটি তালিকাবদ্ধ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার চাইছে না বিএনএফ নির্বাচন করুক। তাই বিএনএফের প্রার্থীদের হুমকি দেওয়াসহ বিভিন্নভাবে নাজেহাল করা হচ্ছে। বিএনএফের প্রার্থীদের হুমকি বা নাজেহাল করা হলে নির্বাচন ভণ্ডুল করে দেওয়ার হুমকি দেন আবুল কালাম। বিএনএফের কার্যালয়ে মওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের ছবি টানানো। একটি পোস্টারে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনজনের ছবির বিষয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে আবুল কালাম বলেন, অন্য কোনো দলের এ ধরনের সৎ সাহস নেই। বিএনএফ বঙ্গবন্ধুকে জাতির পিতা এবং জিয়াকে স্বাধীনতার ঘোষক বলতে ভয় পায় না। আর ভাসানী হলেন স্বাধীনতার প্রতিষ্ঠাতা। বিএনএফ জাতীয় সংসদে গেলে এই নেতাদের যাঁর যা প্রাপ্য, তা নিশ্চিত করবে।
এইচ এম এরশাদ প্রসঙ্গে আবুল কালাম বলেন, ‘শেখ হাসিনাকে আগেই এরশাদ সাহেব সম্পর্কে সাবধান থাকতে বলেছিলাম।’ দেশের চলমান সহিংসতা নিরসন প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা ও খালেদা জিয়া এক টেবিলে বসলেই চলমান সহিংসতার নিরসন হবে। জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য এই দুজনই যথেষ্ট। সংবাদ সম্মেলনে এবারের নির্বাচনে দলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।