বিরোধী দলকে আর প্রস্তাব নয়: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আলোচনার জন্য বিরোধী দলকে নতুন করে কোনো প্রস্তাব দেওয়া হবে না।আওয়ামী লীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি কেন শেষ বেলায় সংসদ থেকে নির্দলীয় সরকারসংক্রান্ত মুলতবি প্রস্তাব প্রত্যাহার করল, তা জাতি জানতে চায়। এ থেকে প্রমাণিত হয়, তাঁরা ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে।’ তিনি বলেন, ‘চার সিটি নির্বাচনে প্রমাণিত হয়েছে, তত্ত্বাবধায়কের মতো অসাংবিধানিক ব্যবস্থার আর প্রয়োজন নেই। বাংলার মাটিতে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না।’ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের নিখোঁজের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে হানিফ বলেন, ‘তিনি নিখোঁজ নন, অসুস্থ। অ্যাপোলো হাসপাতালে তিনি চিকিত্সাধীন। বিএনপি তাঁকে নিখোঁজ বলে মিথ্যাচার করেছে। ইচ্ছে হলে আপনারা তাঁকে দেখে আসতে পারেন।’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, ওবায়দুল কাদের, দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মহীউদ্দীন খান আলমগীর প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা লীগসহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা।
১৯৪৯ সালের আজকের দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে ‘আওয়ামী মুসলিম লীগ’ নামে আত্মপ্রকাশ ঘটে বর্তমান আওয়ামী লীগের। পরে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে যাত্রা শুরু করে দলটি।