বিরোধী দলকে দমনই উদ্দেশ্য: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
BNP-Logo
BNP-Logo

সংশোধিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন বাতিলের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
রুহুল কবির রিজভী জানান, সরকার আইনটি অসত্ উদ্দেশ্যে করেছে। তাঁদের আশঙ্কা, বিরোধী দলকে দমন, ব্যক্তির বিবেক ও চিন্তার স্বাধীনতা দমনে এই আইন করা হয়েছে। ভিন্নমত দমন-পীড়নের অস্ত্র হিসেবে এ আইন ব্যবহার করা হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব জানান, সরকার নিজেদের অধীনে নির্বাচন করতে চায় এবং নিরঙ্কুশ ক্ষমতাকে ধরে রাখতে চায়। এটি পাকাপোক্ত করার অন্যতম পদক্ষেপ হলো এই আইন।
আইনটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে রুহুল কবির রিজভী জানান, অল্প কিছুদিনের মধ্যে সংসদ বসছে। কিন্তু সরকার তড়িঘড়ি করে একটি অধ্যাদেশ পাস করে আইনটি বলবত্ করেছে। এতে প্রমাণিত হয়, অসত্ উদ্দেশ্যে এটি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক এম এ সালাম, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ প্রমুখ।
গত ১৯ আগস্ট মন্ত্রিসভা সংশোধিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের খসড়াটি অনুমোদন করে। আইনের ৫৪, ৫৬, ৫৭ ও ৬১ ধারায় কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন অপরাধ, সিস্টেমে হ্যাকিং, সংরক্ষিত সিস্টেমে প্রবেশ ও ইলেকট্রনিক ফরমে মিথ্যা, অশ্লীল বা মানহানিকর তথ্য প্রকাশ করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। খসড়ায় এই চার ধারার অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির মেয়াদ ১০ বছর থেকে বাড়িয়ে ১৪ বছর করা হয়েছে আর ন্যূনতম শাস্তি হবে সাত বছর। এ ছাড়া পুলিশকে সরাসরি মামলা করা ও পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া, কয়েকটি ধারা অজামিনযোগ্য করা এবং আমলযোগ্য নয়, এমন অপরাধকে আমলযোগ্য হিসেবে গণ্য করার প্রস্তাব করা হয়েছে। ২০০৬ সালে প্রণীত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে সর্বোচ্চ ১০ বছর সাজার বিধান ছিল।