বিরোধী দলকে দমনে সরকার মারণাস্ত্র আমদানি করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের আন্দোলন দমন করার লক্ষ্যে সরকার বিদেশ থেকে রাবার হ্যান্ড গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের জন্য ক্ষতিকর পিলেট আমদানি করেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।

গতকাল সোমবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ অভিযোগ করেন।

বিবৃতিতে দাবি করা হয়, উচ্চক্ষমতাসম্পন্ন এই রাবার হ্যান্ড গ্রেনেড উন্নত দেশে সেনাবাহিনী যুদ্ধের সময় শত্রুপক্ষের বিরুদ্ধে ব্যবহার করে। এই গ্রেনেড মানুষের স্বাস্থ্যের জন্য অতিমাত্রায় ক্ষতিকর। এ ছাড়া আগ্নেয়াস্ত্র ব্যবহারের জন্য আনা পিলেট মানবশরীরের যেখানে বিদ্ধ হবে, সেই জায়গা স্থায়ীভাবে কার্যকারিতা হারাবে। কোনো কোনো ক্ষেত্রে শতভাগ মৃত্যুর ঝুঁকিও রয়েছে। দেশের গণতন্ত্র ও বাঁচার অধিকার রক্ষায় সংগ্রামরত জনগণের বিরুদ্ধে এই জঘন্য অস্ত্র ব্যবহার করবে সরকার। বিবৃতিতে বলা হয়, ‘৫ মে রাতে মতিঝিল শাপলা চত্বরে এক লাখ ৬৫ হাজার গুলি, গ্যাস গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে হাজার হাজার আলেম ও ধর্মপ্রাণ লোককে হত্যা করেও সরকারের রক্তপিপাসা মেটেনি। এখন গ্যাস গ্রেনেড ও রাবার গ্রেনেড ব্যবহার করে মানুষকে চিরতরে পঙ্গু ও হত্যার ষড়যন্ত্র করছে।’

জনগণের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও মৃত্যুর ঝুঁকিপূর্ণ মারণাস্ত্র ব্যবহার করা থেকে বিরত থেকে ১৮-দলীয় জোটের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।