বিরোধী দলকে দমাতে 'টর্চার স্কোয়াড' হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের আন্দোলন ঠেকাতে সরকার ‘টর্চার স্কোয়াড’ গঠন করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
গতকাল রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
‘টর্চার স্কোয়াড’ গঠনের তথ্যের উৎস সম্পর্কে প্রশ্ন করা হলে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি, বাতাসে খবর ভেসে আসছে যে পুলিশ বাহিনীতে সরকারের অনুগত একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে একটি টর্চার স্কোয়াড গঠন করা হচ্ছে।’ এ স্কোয়াড ভবিষ্যতে ‘কিলিং স্কোয়াড’-এ পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজপথে আন্দোলনের মাধ্যমে মানুষ সরকারের এ তৎপরতার জবাব দেবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির অর্থবিষয়ক সম্পাদক এম এ সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
‘২৪ অক্টোবরের পর রাজপথে নামুন’: সংবিধান অনুযায়ী ২৪ অক্টোবরের পর সংসদ অধিবেশন চালানোর সুযোগ নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। তিনি নির্দলীয় সরকারের দাবি আদায়ের জন্য ২৪ অক্টোবরের পর নেতা-কর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় রফিকুল ইসলাম মিয়া এ আহ্বান জানান। তিনি বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে দাবি আদায় করা যাবে না। শেখ হাসিনার সরকারের কাছ থেকে দাবি আদায় করতে হলে রাজপথে নেমে আসতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ারও আহ্বান জানান তিনি।
ফ্রি থিংকারস ফোরাম নামের একটি সংগঠন ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন: প্রতিবেশী দেশগুলোর অভিজ্ঞতা’ শীর্ষক এ আলোচনা আয়োজন করে।