বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা বুমেরাং হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সংকটের সমাধান না করে বিরোধী দল ও জনগণের দাবিকে পুলিশ দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা সরকারের জন্য বুমেরাং হবে’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
গতকাল রোববার এক বিবৃতিতে চরমোনাইর পীর এ মন্তব্য করেন। বিবৃতিতে বিগত পাঁচ বছরে সরকারের বিরুদ্ধে ‘ইসলাম ও দেশবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগ তুলে তিনি বলেন, ‘ইসলামপ্রিয় জনগণ বিক্ষুব্ধ হয়ে মাঠে নামলে আপনাদের কোনো নিষেধাজ্ঞাই কাজে আসবে না।’
বিবৃতিতে বলা হয়, সভা-সমাবেশ করার নাগরিক অধিকার কেড়ে নিয়ে সরকার গণতন্ত্রের নামে যত ফর্মুলাই দিক, তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। জনগণের ওপর নির্ভরতা থাকলে সরকারের উচিত আদালতের দোহাই না দিয়ে নির্দলীয় সরকারের বিল সংসদে এনে যথাযথ ব্যবস্থা নেওয়া।
বিবৃতিতে অবিলম্বে রাজধানীতে সভা-সমাবেশের ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নিতে সরকারের প্রতি দাবি জানানো হয়।