সাভারে ভবন ধসের ঘটনায় হতাহত ব্যক্তিদের উদ্ধারকাজে সহায়তায় হরতাল প্রত্যাহার করায় বিরোধী দলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বের শুরুতে তিনি এ ধন্যবাদ জানান।অধিবেশনের শুরুতে সাভারের ঘটনায় সংসদের পক্ষ থেকে শোক প্রকাশ করেন ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী। এরপর প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শুরু হলে শেখ হাসিনা সংক্ষিপ্ত বিবৃতি দেন। তিনি বলেন, সাভারে আটতলা ভবন ‘রানা প্লাজা’ ধসের ঘটনায় এখন পর্যন্ত ৬৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৬০০ জন। আহত ব্যক্তিদের মধ্যে ৫৮০ জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ব্যক্তিদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।শেখ হাসিনা বলেন, ‘ঘটনার ব্যাপারে আমরা আগে থেকেই সতর্ক ছিলাম। লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু সকালে কিছু লোক মূল্যবান মালামাল সরাতে গিয়েছিল।’প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিরোধী দলকে ধন্যবাদ জানাই। কারণ হরতাল ছিল, হরতাল প্রত্যাহার না হলে পানি সরবরাহ এবং গাড়িতে আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠাতে অসুবিধা হতো।’ তিনি বলেন, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, বিজিবি ও সেনাবাহিনী উদ্ধারকাজে নেমেছে। সাভারের সর্বস্তরের জনগণসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা উদ্ধারকাজে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঢাকা থেকে সব ধরনের সহায়তা পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।সংসদ নেতা বলেন, নিহত ব্যক্তিদের স্বজনদের কাছে লাশ পৌঁছে দেওয়া হবে। যারা আটকে পড়েছে তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা করা হবে। ইতিমধ্যে ভবনের ভেতর আটকে পড়া ব্যক্তিদের জন্য অক্সিজেন ও পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।