বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, বিরোধী দলকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে নিজেরাই প্রহসনের নির্বাচন করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। কিন্তু জনগণ এ হীন উদ্যোগ সফল হতে দেবে না।গতকাল বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খোন্দকার দেলোয়ার এ কথা বলেন। বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তিনি বলেন, এই সরকারের সংবিধান সংশোধন করার কোনো অধিকার নেই। নির্বাচনে ভোট কারচুপি করে ক্ষমতায় বসেছে আওয়ামী লীগ।সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রস্তাবকে ‘অসম্পূর্ণ ও অস্পষ্ট’ আখ্যা দিয়ে দেলোয়ার বলেন, সংবিধানের কোন কোন ধারা সংশোধন করা হবে, তা সুনির্দিষ্ট না করেই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এর ফলে সরকার ১৯৭২ সালের সংবিধানে ফিরে যেতে চায়, নাকি চতুর্থ সংশোধনী পুনরুজ্জীবিত করতে চায়, তা পরিষ্কার নয়।এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, সংবিধান সংশোধনের কমিটি সংবিধানসম্মত হলেও তা অসম্পূর্ণ এবং অস্পষ্ট।বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, সাংসদ আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।