বিরোধী দলকে মত প্রকাশের সুযোগ দেওয়া উচিত: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা

সরকারের দায়িত্ব বিরোধী দলকে স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ করে দেওয়া বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। এ ছাড়া সব দলকে সহিংসতার বন্ধ করে সংলাপের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ খোঁজারও আহ্বান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ শেষে এক লিখিত বিবৃতিতে এ আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত। বেলা তিনটা থেকে পৌনে বিকেল পাঁচ পর্যন্ত খালেদা জিয়ার গুলশানের বাসভবনে এ সাক্ষাত্ হয়। সাক্ষাত্ শেষে মার্কিন রাষ্ট্রদূতের পক্ষ থেকে সাংবাদিকদের একটি লিখিত বিবৃতি দেওয়া হয়।
খালেদা জিয়ার সঙ্গে আলোচনার বিষয় তুলে ধরে ওই বিবৃতিতে ড্যান ডব্লিউ মজীনা বলেন, ‘আমি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। সরকারের দায়িত্ব বিরোধী দলকে স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ করে দেওয়া। আর বিরোধী দলের দায়িত্ব এই সুযোগ শান্তিপূর্ণভাবে ব্যবহারের বিষয়টিও আমাদের আলোচনায় উঠে আসে।’
সুপ্রিম কোর্টে আইনজীবী, প্রেসক্লাবে সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা উদ্বেগজনক উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। কোনোভাবেই যেন এগুলোর পুনরাবৃত্তি না ঘটে, সেটাও আমি আলোচনায় উল্লেখ করেছি। সব দলকে সহিংসতা বন্ধে আমাদের আহ্বান আমরা পুনরায় ব্যক্ত করেছি। কারণ, সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি অগ্রহণযোগ্য এবং এটি এখনই থামাতে হবে। দলগুলোর এখনই সংলাপে অংশগ্রহণ করে বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের পথ খোঁজা যে আরও জরুরি হয়ে পড়েছে, সেটার ওপরও আমি গুরুত্বারোপ করি।’

সম্প্রতি বিএনপির জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তারের ঘটনায় যুুক্তরাষ্ট্র সরকারের উদ্বেগের কথা উল্লেখ করে ড্যান ডব্লিউ মজীনা বলেন, যাঁরা নিজ গণতান্ত্রিক অধিকার শান্তিপূর্ণভাবে চর্চা করতে চান, তাঁদের ওপর এ বিষয়টি ভীতিকর প্রভাব ফেলে। দুই পক্ষের মধ্যে ভবিষ্যতে সংলাপের সাফল্যের ক্ষেত্রে এই নেতাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে সাক্ষাতের সময় খালেদা জিয়ার দুই উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

গতকাল খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।