বিরোধী দলকে মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের আন্দোলন কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর অংশ হিসেবে আজ বুধবার সকালে গণভবনে ঢাকা ও আশপাশের জেলার আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় সাংসদদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় সূত্রগুলো জানায়, বিরোধী দলকে মোকাবিলার রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে আগামী ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। জনসভায় দলীয় শক্তি প্রদর্শন করার লক্ষ্যে ঢাকা ও এর আশপাশের জেলাগুলো থেকে বিপুল লোক জমায়েত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজকের বৈঠকে জনসভায় এ বিষয়েও দলীয় নেতা ও সাংসদদের নির্দেশনা দেওয়া হবে। বৈঠকে অংশ নিতে ঢাকা মহানগর, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ জেলার শীর্ষ নেতা ও ৩৭ জন সাংসদকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী গত সপ্তাহে দলের নেতাদের নির্বাচনমুখী হয়ে সারা দেশে নির্বাচনের আবহ তৈরির নির্দেশ দিয়েছেন। বিরোধী দল নির্বাচন বর্জন করলেও তারা যাতে নির্বাচন প্রতিহত করতে না পারে, সেই প্রস্তুতিও নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
ঢাকার সাংসদ ও নেতাদের বৈঠক: ৩ নভেম্বরের জনসভা সফল করতে গতকাল মঙ্গলবার দলের ধানমন্ডির কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ঢাকা মহানগর কমিটির নেতা ও ঢাকার সাংসদদের নিয়ে যৌথ সভা হয়। সভায় জেল হত্যা দিবসের কর্মসূচি হিসেবে ৩ নভেম্বর সারা দেশে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বনানী কবরস্থানে জিয়ারত ও দোয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাহারা খাতুন, নূহ-উল-আলম লেনিন, দীপু মনি, বদিউজ্জামান ভূঁইয়া, অসীম কুমার উকিল, মৃণাল কান্তি দাস, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী, মোল্লা মো. আবু কাউছার প্রমুখ উপস্থিত ছিলেন।
১৪ দলের কর্মসূচি: বিরোধী দলের হরতাল ও আন্দোলনের পাল্টা বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল। গতকাল আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে ১৪-দলীয় জোটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে আগামী ১ নভেম্বর ঢাকা মহানগরসহ দেশব্যাপী সভা-সমাবেশ, ৬ নভেম্বর পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় এবং ৭ নভেম্বর বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সংগঠন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে এবং বেলা তিনটায় নারী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা।
জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়ার সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেন, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিম, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা প্রমুখ।