বিরোধী দলকে শর্তহীন সংলাপে আসার আহ্বান তথ্যমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতাকে শর্তহীন সংলাপে আসার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সংলাপে না এলে আপনি হিংসার ও সন্ত্রাসের রানি হিসেবে চিহ্নিত হবেন। সংলাপ ও আন্দোলন একসঙ্গে চলতে পারে না। যুদ্ধের সময়ও বিরতি দিয়ে সংলাপ হয়।’ গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রা’ শীর্ষক গণসংলাপ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। গণযোগাযোগ অধিদপ্তর এই সংলাপের আয়োজন করে। দুই নেত্রীর ফোনালাপ সরকার প্রকাশ করেনি উল্লেখ করে হাসানুল হক বলেন, ‘তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী জনসমক্ষে ফোনালাপ প্রকাশ করা বেআইনি হয়ে থাকলে বিচার হওয়া উচিত। আমি দোষী হলে আমারও বিচার হোক।’ তিনি বলেন, ‘আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম, ফোনালাপ আংশিক প্রকাশ করা হলে জাতি বিভ্রান্ত হবে। দুই নেত্রীর সম্মতি নিয়ে তা প্রকাশ করা যায়। এখন ৩৭ মিনিটের ফোনালাপ দেখার পর মনে হলো, এটা জানার অধিকার জনগণের রয়েছে।’
আবৃত্তিশিল্পী মিলি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ও গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক তফসির আহমদ। মন্ত্রী বলেন, ‘হেফাজতে ইসলাম বিএনপি-জামায়াতের অঙ্গসংগঠন। শফী হুজুর রাজনৈতিক হুজুর। আমরা তেঁতুল হুজুরের কাছে বাংলাদেশের ইজারা দিতে পারি না।’