বিরোধী দলকে সংলাপের আহ্বান ও দলকে নির্বাচন প্রস্তুতির নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বিরোধী দলের প্রতি আবারও সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি নিজ দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য কতিপয় জরুরি নির্দেশনা দিয়েছেন।

গতকাল শনিবার সকালে গণভবনে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি ওই আহ্বান জানান ও নির্দেশনা দেন।

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তিনি সংলাপে বসার আহ্বান প্রত্যাখ্যান করে তাঁর দাবি মানার জন্য সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন। বলেছিলেন, দাবি না মানলে সরকার পালানোর পথ পাবে না। চেষ্টাও করেছিলেন ষড়যন্ত্রের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার। কিন্তু উল্টো তিনিই পথ হারিয়েছেন।

শেখ হাসিনা বলেন, ‘তার পরও সংলাপে বসার সরকারের আহ্বান বহাল আছে। এখনো সময় আছে। সংলাপে বসুন। আসুন একসঙ্গে বসে দেশের সমস্যাগুলো নিয়ে আলোচনা করি। ঐক্যবদ্ধভাবে সেগুলোর গ্রহণযোগ্য সমাধান করি। সময় বেঁধে দিয়ে বা অন্য কোনো ষড়যন্ত্রের পথে সমস্যার সমাধান হবে না।’ 

শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে বলেন, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে তিনি ভোটারবিহীন যে নির্বাচন করেছিলেন আওয়ামী লীগ কখনো তেমন নির্বাচন করেনি। করবেও না। আওয়ামী লীগ ভোট ভোট খেলায় বিশ্বাস করে না। জনগণ যাদের ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে।

তিনি হরতাল, তাণ্ডব, মানুষকে পুড়িয়ে মারা, দেশের সম্পদ নষ্ট করা ও ষড়যন্ত্র বন্ধ করে নিয়মতান্ত্রিক পথে আসার জন্য বিরোধীদলীয় নেত্রীকে আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘ওগুলো করে কোনো লাভ হবে না। ওই সব কাজের জবাব আওয়ামী লীগ দিতে পারে। কিন্তু আমরা অশান্তি চাই না।’

মতবিনিময় সভায় অংশ নেওয়া কয়েকজন নেতা জানান, তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেছেন, দলের ভেতরে কোনো কোন্দল করা যাবে না। সব অনৈক্য, মতবিরোধ মিটিয়ে ফেলে আগামী নির্বাচনের জন্য একযোগে কাজ শুরু করে দিতে হবে। সরকারের অবস্থান জনগণকে বোঝাতে হবে। উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে হবে। সমাজের অসাম্প্রদায়িক শক্তির সঙ্গে নিজেদের একাত্ম হয়ে কাজ করতে হবে।

দলীয় নেতাদের শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে। দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের এই ধারায় পরিচালিত করতে হবে।