বিরোধী দলকে সংসদে এসে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ। নবম জাতীয় সংসদের এক বছর পূর্তিতে গতকাল সোমবার অধিবেশনের শুরুতে তিনি এ আহ্বান জানান। সংসদের বর্ষপূর্তিতে তিনি সবাইকে অভিনন্দন জানান। সাংসদেরা টেবিল চাপড়ে স্পিকারের বক্তব্যকে অভিনন্দন জানান।স্পিকার বলেন, রাজনীতিতে মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে একে অন্যের মতামতকে গুরুত্ব দিতে হবে। তাই বিরোধী দলকে সংসদে উপস্থিত হয়ে তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে। বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আসুন। আপনাদের যা কিছু বলার আছে সংসদে এসে বলুন।’গত বছরের ২৫ জানুয়ারি নবম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। চলতি অধিবেশনসহ এ পর্যন্ত সংসদের ৯৫ কার্যদিবসের মধ্যে বিরোধী দল ২৩ দিন, প্রধানমন্ত্রী ৭৩ দিন ও বিরোধীদলীয় নেতা তিন দিন উপস্থিত ছিলেন। আবদুল হামিদ বলেন, সবার সহযোগিতার মাধ্যমে বর্তমান সংসদ গুরুত্বপূর্ণ একটি বছর পার করেছে। আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সংসদ যে ভূমিকা পালন করে, সেখানে সাংসদদের ভূমিকাই মুখ্য। সংসদ সদস্যদের অংশ নেওয়ার ওপর নির্ভর করে সংসদের কার্যকারিতা। স্পিকার বলেন, বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এই প্রথম সংসদের প্রথম অধিবেশনে সব স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো ইতিমধ্যে কার্যকর ভূমিকা পালন করছে। প্রধান বিরোধীদলীয় সদস্যরা কমিটিগুলোতে উপস্থিত থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। এতে মন্ত্রণালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহিতা বাড়ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিল পাস: জাতীয় সংসদে গতকাল জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড বিল-২০০৯ পাস হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি সংসদে উপস্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এ ছাড়া গতকাল ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০১০ এবং বাংলাদেশ মঞ্জুরি কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০০৮ সংসদে উপস্থাপন করা হয়।