বিরোধী দলকে সংসদে এসে কথা বলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ও গণতন্ত্রকে আরও কার্যকর করতে ‘রাজপথের পরিবর্তে সংসদে এসে কথা বলতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদায়ী রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েইন গতকাল রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আলাপকালে তিনি এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রকে আরও কার্যকর করতে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, ইতিমধ্যেই সরকার জাতীয় সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, সাক্ষাৎকালে তাঁরা গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার এবং অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় স্টিফেন ফ্রোয়েইন শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইতিবাচক দৃষ্টিভঙ্গি, বিশেষ করে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তাঁর ভূমিকা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। ফ্রোয়েইন বলেন, প্রধানমন্ত্রীর ইতিবাচক ভূমিকায় আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। তিনি বলেন, ইইউ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ করে দক্ষিণাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখবে।প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই।আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়দের সাক্ষাৎ: ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও রানার্স আপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া ক্লাবগুলোর পাশাপাশি প্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতা আয়োজন করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। তিনি গ্রামগঞ্জে দেশীয় খেলাধুলার আয়োজন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দিয়ে বলেন, যুবসমাজকে বদভ্যাস ও মাদকাসক্তির কবল থেকে মুক্ত করতে হলে দেশব্যাপী খেলাধুলার ব্যাপক প্রসার ঘটাতে হবে। তাদের খেলাধুলা, শিল্প-সংস্কৃতি চর্চায় বেশি করে সম্পৃক্ত করতে হবে। এ প্রসঙ্গে তিনি খেলাধুলার মানোন্নয়নে এবং খেলোয়াড়দের ভবিষ্যৎ বিনির্মাণে পৃষ্ঠপোষকতা করার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান, আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত পরিচালক কাজী শাহেদ আহমেদ, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য শেখ হাফিজুর রহমান ও সভাপতি লে. (অব.) মনজুর কাদের ।