স্পিকার আবদুল হামিদ বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে বলেছেন, ‘বাজেট অধিবেশনের বাকি দিনগুলোতে তাঁরা সংসদে ফিরে জনগণের কথা বলবেন বলে আশা করি। কারণ সংসদে এসে জনগণের কথা তুলে ধরতেই মানুষ তাঁদের ভোট দিয়েছে। আর সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।’২০১০-১১ অর্থবছরের বাজেট পাস হওয়ার পর গতকাল বুধবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন। সরকারি দলের উদ্দেশে তিনি বলেন, ‘আশা করি এ বাজেট বাস্তবায়নে সরকার সর্বাত্মক চেষ্টা করবে। জনমানুষের কল্যাণে যাতে এ বাজেট ব্যবহূত হয় সে জন্য সরকারের দৃষ্টি ও উদ্যোগ কামনা করি।’এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়িয়ে স্পিকারকে অভিনন্দন জানান। স্পিকার বাজেট পাসে সহায়তা করায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। স্পিকারের বক্তব্যের পর সংসদের বৈঠক আগামী ১১ জুলাই রোববার পর্যন্ত মুলতবি করা হয়। সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুসারে আগামী ২০ জুলাই পর্যন্ত এ অধিবেশন চলার কথা রয়েছে। গত ২ জুন এ অধিবেশন শুরুর দিন প্রধান বিরোধী দল বিএনপি সংসদে যোগ দিলেও পরে আর তারা সংসদে ফেরেনি।