বিরোধী দলকে হরতাল না করে জাতীয় সংসদে গিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন মহাজোটের সাংসদেরা। হরতালের সমালোচনা করে তাঁরা বলেছেন, যেসব ইস্যুতে বিরোধী দল হরতাল ডেকেছে, এসব নিয়ে তারা সংসদে এসেও প্রস্তাব উত্থাপন করতে পারে।জাতীয় সংসদে গতকাল সোমবার স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সাংসদেরা এসব কথা বলেন।সংসদের উপনেতা সাজেদা চৌধুরী জনপ্রশাসন সংস্কারের তাগিদ দিয়ে বলেন, সংস্কার ও পরিবর্তনের জন্য দক্ষ, সৎ ও দেশপ্রেমিক কর্মকর্তাদের মূল্যায়ন করার জন্য সরকারের ঘোষিত পরিকল্পনা থাকতে হবে। তিনি বলেন, জনপ্রশাসনের সংস্কারে বাজেট-বক্তৃতায় ভালো কাজের পুরস্কার আর খারাপ কাজের জন্য সাজার কথা বলা হয়নি।সংসদের উপনেতা বলেন, ‘গত জুন মাসের বাজেটে নির্ধারিত কর্মসূচির কাজ এই জুন মাসে কেন হবে? সারা দেশে জুন মাসে বৃষ্টি শুরু হলে রাস্তা খোঁড়া শুরু হয়। আর আমাদের গালিগালাজ শুনতে হয়। ১১ মাস ধরে তাঁরা কী করেন? ছয় মাসের মাথায় ডিসেম্বর-জানুয়ারিতে এই খোঁড়াখুঁড়ি করা যায় না?’ তিনি বলেন, গোয়েন্দাদের ব্যর্থতার জন্য গত বছর বিডিআর বিদ্রোহের মতো ঘটনা ঘটেছিল। তিনি যুদ্ধাপরাধীদের বিচারে যত টাকা দরকার, তা বরাদ্দের দাবি জানান।কালো টাকা সাদা করার সুযোগের বিরোধিতা করে সাজেদা চৌধুরী বলেন, ‘কালো কালোই, কয়লা ধুইলেও ময়লা যায় না।’ তিনি বিএনপিকে সংসদে এসে আলোচনা করার আহ্বান জানান।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, বিএনপি ইস্যুবিহীন অহেতুক হরতালের নামে নৈরাজ্য করতে চেয়েছিল। ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচারের কাজে সরকার যখন এগিয়ে চলেছে, তখন তাদের বাঁচাতে বিএনপি-জামায়াত জোট হরতালের নামে এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর উদ্দেশ্য হলো যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা আর খালেদা জিয়ার দুই ছেলেকে দুর্নীতির মামলা থেকে রক্ষা করা। তিনি বলেন, হরতালের নামে তারা মানুষকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। আগুনে পোড়া দুজন এখনো হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছেন। পুলিশের ১২ জন আঘাত পেয়েছেন। এর পরও পুলিশ বাহিনী যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে। এ ধরনের অরাজকতা চলতে দেওয়া যায় না। জনগণ তা মেনে নিতে পারে না।বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে সাহারা খাতুন বলেন, দেশকে ধ্বংস করার জন্য হরতাল না দিয়ে মানুষের উন্নয়নের জন্য সংসদে আসুন। জনগণের কথা বলুন।তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, বাজেটে মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে। তিনি বলেন, ১২টি নতুন টেলিভিশন দেওয়া হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য ১৪টি কমিউনিটি রেডিও অনুমোদন করা হয়েছে। এফএম রেডিও অনুমোদনের প্রক্রিয়া চলছে।সাবের হোসেন চৌধুরী বলেন, কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া দরকার। তা না হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তিনি গাড়ি থেকে যে পরিবেশদূষণ হয়, তার ওপরও করারোপের প্রস্তাব দেন। তিনি সামগ্রিক বাজেট ব্যয়ের গুণগত মান বিশ্লেষণের পরামর্শ দেন।জাসদের হাসানুল হক ইনু বলেন, অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে বিরোধী দলের ছায়া বাজেটের ৭০ শতাংশ রয়েছে। বাকি ৩০ শতাংশ বাস্তবায়নে তিনি বিরোধী দলকে সংসদে এসে অর্থমন্ত্রীর কাছে তদবির করার পরামর্শ দেন।