তিন বছর পর বিরোধী দলে গেলে পরিস্থিতি কী হবে, সরকারি দলকে তা ভাবার পরামর্শ দিয়েছে জামায়াতে ইসলামী।গতকাল শুক্রবার রাজধানীর বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অধিবেশনে সরকারকে উদ্দেশ করে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ পরামর্শ দেন। তিনি বলেন, ‘ক্ষমতার দুই বছর শেষ। তিন বছর পর তো ক্ষমতা ছাড়তে হবে। তখন বিরোধী দলে গেলে কী হবে তা ভাবতে হবে।’জামায়াতের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই অধিবেশন হওয়ার কথা ছিল গত জুন মাসে। কিন্তু দলের শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে গ্রেপ্তারের পর তা পিছিয়ে যায়। অধিবেশনে শুরার ২৭২ জন সদস্যের মধ্যে প্রায় ২৫০ জন উপস্থিত ছিলেন।জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘...এমন আন্দোলন গড়ে তুলতে হবে যে জুলুমের পথ ছেড়ে হয় তারা (সরকার) সংশোধন হবে, না হয় তাদের পতন হবে।’ জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আবুল কামাল মুহাম্মদ ইউসুফ, অধ্যাপক নাজির আহমদ প্রমুখ অধিবেশনে উপস্থিত ছিলেন।