প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের সদস্যদের অনুপস্থিতিতে গতকাল মঙ্গলবার নবম জাতীয় সংসদের আরেকটি অধিবেশন শুরু হয়েছে। বেলা তিনটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে শীতকালীন ও অষ্টম এই অধিবেশন শুরু হয়। এর আগে বিরোধী দল দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম অধিবেশনে যোগ দেয়নি। তারা সর্বশেষ গত ২ জুন সংসদে যোগ দিয়েছিল।সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মহাজোটের অধিকাংশ সদস্য, এলডিপির একমাত্র সদস্য এবং স্বতন্ত্র সদস্য অধিবেশনে যোগ দেন। শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নিয়ম অনুসারে এরপর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ভাষণ দেন। তাঁর ভাষণ সম্প্রচারের মধ্য দিয়ে ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’ নামের চ্যানেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।রাষ্ট্রপতির ভাষণের আগে স্পিকার সংসদ টেলিভিশনের সম্প্রচার শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন সংসদে। সংসদকক্ষে উপস্থিত প্রধানমন্ত্রীসহ সাংসদেরা টেবিল চাপড়ে এ ঘোষণাকে অভিনন্দন জানান। সংসদকক্ষে রাখা বড় দুটি টিভিতে ভেসে ওঠে এই টিভি চ্যানেলের পর্দা। সংক্ষিপ্ত উদ্বোধনী সংগীতের পর চ্যানেলটিতে রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচার করা হয়।স্পিকার জানান, সংসদ অধিবেশন চলাকালীন পুরো সময়টা সংসদ টিভি সম্প্রচার করবে। তবে যেদিন অধিবেশন থাকবে না, সেদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত এ চ্যানেল চলবে।বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান: অধিবেশনের শুরুতে স্পিকার তাঁর বক্তব্যে বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় বিষয়ে সমঝোতায় পৌঁছানোর অন্যতম স্থান সংসদ। সংসদকে কার্যকর করার ক্ষেত্রে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। কারণ প্রকৃত অর্থে বিরোধী দলই পারে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিতে।সভাপতিমণ্ডলী মনোনয়ন: অধিবেশনের শুরুতে স্পিকার এ অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন, ফজলে রাব্বী মিয়া, এ বি এম গোলাম মোস্তফা, মুজিবুল হক, আবদুল মোমিন তালুকদার ও সানজীদা খানম। স্পিকার ও ডেপুটি স্পিকারের অবর্তমানে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন।শোক প্রস্তাব: সভাপতিমণ্ডলী মনোনয়নের পর শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এবারের শোক প্রস্তাবে সাবেক আটজন সাংসদের নাম ও জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে। শোক প্রস্তাব উত্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন সরকারদলীয় সাংসদ এ কে এম আবদুল আউয়াল (সাইদুর রহমান)। মোনাজাতে সংসদকে শক্তিশালী করতে আল্লাহর রহমত কামনা করা হয়। অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি: মোনাজাতের পর রাষ্ট্রপতি জিল্লুর রহমান অধিবেশনকক্ষে প্রবেশ করেন। এ সময় রাষ্ট্রপতির আগমনী বার্তা ও পরে জাতীয় সংগীত বাজানো হয়। স্পিকার আসন থেকে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে ডায়াসে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ উপস্থিত সাংসদেরাও দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান। স্পিকারের আসনের পাশে রাখা বিশেষ আসনে বসেন রাষ্ট্রপতি। আসনে বসেই তিনি ভাষণ দেন।রাষ্ট্রপতির ভাষণের পর স্পিকার সংসদের অধিবেশন আগামী মঙ্গলবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করেন।