বিরোধী দলের অনুপস্থিতিতে সংসদের নবম অধিবেশন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের নবম অধিবেশন বিরোধী দলের অনুপস্থিতিতে গতকাল রোববার শুরু হয়েছে। ফলে অধিবেশন ছিল অনেকটাই প্রাণহীন। এ অধিবেশন চলবে আগামী মধ্য জুলাই পর্যন্ত। এ অধিবেশনে ৯ জুন ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হবে। তা পাস হবে ৩০ জুন।গতকাল বিকেল সোয়া চারটায় অধিবেশন শুরু হয়। এর আগে দুপুরে সংসদ ভবনে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন স্পিকার আবদুল হামিদ। সংসদ নেতা শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বিদেশে থাকায় সভায় অনুপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়া নবম সংসদের এ পর্যন্ত কার্য-উপদেষ্টা কমিটির কোনো বৈঠকেই যোগ দেননি।অধিবেশনের শুরুতেই স্পিকার বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়েছেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘দেশের সকল রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু সংসদে বিরোধী দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি গণতন্ত্রের পূর্ণ বিকাশের স্বার্থে বিরোধী দলকে সংসদে এসে তাদের রাজনৈতিক ইস্যুগুলোতে কথা বলার আহ্বান জানাচ্ছি।’আবদুল হামিদ বলেন, ‘মনে রাখতে হবে, সংসদ যত কার্যকর হবে, গণতন্ত্রও তত শক্তিশালী হবে। তাই সকল সদস্যকে সংসদমুখী হতে হবে। ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘এ অধিবেশনেই বাজেট উপস্থাপিত হবে। সংসদীয় পদ্ধতিতে বাজেট অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা ২০১১-১২ অর্থবছরের বাজেটের খুঁটিনাটি তুলে ধরে এটিকে আরও অর্থবহ ও বাস্তবমুখী করতে ভূমিকা রাখবেন।’স্পিকার বলেন, ‘সংসদীয় কার্যক্রমে বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ। কারণ, বিতর্কের মাধ্যমেই প্রকৃত সত্য বেরিয়ে আসে এবং তা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সহায়তা করে।’স্পিকারের বক্তব্যের পর এ অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন: আওয়ামী লীগের ফজলে রাব্বী মিয়া ও এ বি এম গোলাম মোস্তফা, জাতীয় পার্টির মুজিবুল হক, বিএনপির নজরুল ইসলাম মঞ্জু এবং সংরক্ষিত আসনের সাংসদ আওয়ামী লীগের ফরিদুন্নাহার লাইলী।ভবঘুরে, নিরাশ্রয়দের আশ্রয়ের ব্যবস্থা করতে বিল: ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তিদের আশ্রয়ের ব্যবস্থা করতে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) বিল, ২০১১ গতকাল সংসদে উপস্থাপিত হয়েছে। সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বিলটি উত্থাপন করেন। এ ছাড়া আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল, ২০১১ উত্থাপন করেন।এর আগে বিকেলে আইনমন্ত্রী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) অধ্যাদেশ, ২০১১ সংসদে উত্থাপন করেন। বিলগুলো উত্থাপন হওয়ার পর স্পিকার আবদুল হামিদ সংসদের অধিবেশন আজ সোমবার বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত মুলতবি করেন।