প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী দলের অপপ্রচারের সমুচিত জবাব দেওয়ার পাশাপাশি জনগণের সামনে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। স্বেচ্ছাসেবক লীগের নেতারা সংগঠনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। খবর বাসসের।শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত এবং হেফাজতে ইসলাম বর্তমান সরকারের সময়ে আজান, নামাজ ও জানাজা হয় না বলে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আপনাদের এ ধরনের অপপ্রচারের সমুচিত জবাব দিতে হবে এবং ঈদের ছুটিতে নিজ নিজ এলাকায় আজান, নামাজ ও জানাজা হচ্ছে কি না, তা লোকজনের কাছে জানতে চাইবেন।’ প্রধানমন্ত্রী অপপ্রচারকারীদের উদ্দেশ করে বলেন, কোনো মুসলমান ইসলামের নামে মিথ্যা বলতে পারেন না। তিনি প্রশ্ন করেন, ‘যারা মসজিদে বসে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, তারা কি মুসলমান এবং ইসলাম ধর্মে বিশ্বাসী?’প্রধানমন্ত্রী বলেন, হেফাজতে ইসলামের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি ও জামায়াত গত ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচি চলাকালে কমপক্ষে আড়াই হাজার লোক নিহত হয়েছে বলে ঢালাওভাবে অপপ্রচার চালিয়েছে। তিনি বলেন, ‘তাদের এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা নিহতদের নাম-ঠিকানাসহ তালিকা দেওয়ার জন্য তাদের অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে, ৫ মের ঘটনায় ১১ জন লোক নিহত হয়। তাদের অধিকাংশই মারা গিয়েছিল হেফাজতের লোকদের হাতে।’শেখ হাসিনা বলেন, তারা পবিত্র কাবা শরিফের গিলাফের ছবি প্রকাশ করে অপপ্রচার চালিয়ে বলেছিল যে, মক্কার জনগণ জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে মানববন্ধন করছে। তিনি বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করা এবং মিথ্যা প্রচারণা চালানো তাদের স্বভাব।তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপির দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বুঝতে পারি না, যে তত্ত্বাবধায়ক সরকার নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ, বিএনপি কীভাবে আবারও সেই তত্ত্বাবধায়ক সরকার চায়।’ জামায়াত ও হেফাজতকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য বিএনপির তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা দেশের নারী সমাজকে অশিক্ষিত এবং ঘরের চার দেয়ালের মধ্যে জিম্মি করে রাখতে চায়। তারা নারী সমাজকে পোশাকশিল্পে ও অফিস-আদালতে কাজ করতে দিতে চায় না।