বিরোধী দলের অবরোধ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির প্রতি বিজয়ের মাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ।গতকাল রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দলের এক সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নাসিম।সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বলেন, সরকারের সমালোচনা করে যেকোনো রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার বিরোধী দলের আছে। কিন্তু এটা বিজয়ের মাস। এই মাসে এ ধরনের কর্মসূচি দিয়ে জামায়াতের মতো স্বাধীনতাবিরোধীদের রাজপথে নৈরাজ্য সৃষ্টিতে উৎসাহিত করা হচ্ছে। প্রসঙ্গত, গত বুধবার নয়াপল্টনে এক জনসভায় খালেদা জিয়া ৯ ডিসেম্বর রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন।বিজয় দিবস উপলক্ষে সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ মাসব্যাপী কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। বিজয় দিবসের কর্মসূচি বাস্তবায়ন কমিটির সমন্বয়ক হচ্ছেন মোহাম্মদ নাসিম। আজ সোমবার সকাল সাতটায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত বিজয় মঞ্চে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।